রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্রমণ শেষে ফেরার পথে জীপ খাদে পড়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১২ শিক্ষার্থী আহত হয়েছেন, যাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
নিহত শিক্ষার্থীর নাম রুবিনা আফছানা রিংকি (২৩)। তার বাড়ি গাইবান্ধা জেলায়।
বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর প্রায় ২টার দিকে সাজেক থেকে নামার পথে হাউজপাড়া এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে জীপটি গভীর খাদে পড়ে যায়। এতে গাড়িতে থাকা খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গুরুতর আহত হন।
খবর পেয়ে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজ শুরু করে এবং আহতদের দিঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
পুলিশ জানায়, খুলনা বিশ্ববিদ্যালয়ের ৩৮ জন শিক্ষার্থী বিভিন্ন গাড়িতে সাজেক থেকে ফিরছিলেন। তাদের মধ্যে ১৩ জন একটি জীপে ছিলেন, যা দুর্ঘটনার শিকার হয়। ওই জীপে একজন শিক্ষকসহ মোট ১২ জন আহত হন।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার জানান, সাজেক ভ্যালি পুলিশ ক্যাম্পের এএসআই উত্তম কুমার ও তার সহকর্মীরা উদ্ধার কাজে অংশ নেন। তবে আহতদের সবার পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।
পর্যটকদের অভিযোগ, সাজেকে ফিটনেসবিহীন যানবাহন ও অদক্ষ চালকদের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তারা এসব বিষয় খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
