চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় ভৈরব নদে হঠাৎ স্রোতের তীব্রতায় ভেঙে গেছে দুটি গুরুত্বপূর্ণ ব্রিজ। এর ফলে অন্তত ছয়টি গ্রামের কয়েক হাজার মানুষ চরম ভোগান্তিতে পড়েছে।
জানা যায়, সিংনগর গ্রামের বাঁওড়ের বাঁধ ভেঙে নদীতে প্রবল স্রোত সৃষ্টি হলে সোমবার (১৫ সেপ্টেম্বর) রাতেই মনোহরপুর গ্রামের ইলিশের জোল মাঠ এলাকায় একটি ব্রিজ ভেঙে যায়। এর পরদিন মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দিনগত রাতে একই নদীর ওপর সন্তোষপুর গ্রামের আরেকটি ব্রিজ ভেঙে পড়ে।
খবর পেয়ে বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে ঘটনাস্থল পরিদর্শনে যান জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল আমীন। এ সময় উপজেলা প্রকৌশলী আশরাফুল ইসলাম, উথলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি আবুল কালাম আজাদ, উথলী ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম রেজা, স্থানীয় ইউপি সদস্য আব্দুস সাত্তার এবং জীবননগর প্রেসক্লাবের আহ্বায়ক রিপন হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন।
স্থানীয় ইউপি সদস্য আব্দুস সাত্তার বলেন,
বাঁওড়ের বাঁধ ভেঙে প্রবল স্রোতের কারণে সন্তোষপুর গ্রামের একমাত্র ব্রিজটি ভেঙে গেছে। এতে সন্তোষপুর, মানিকপুর, রাজাপুর, রতিরামপুর, সিংনগর, ধোপাখালী ও মাধবখালী গ্রামের হাজারো মানুষ অবরুদ্ধ হয়ে পড়েছেন। কৃষি পণ্য পরিবহন থেকে শুরু করে ব্যবসায়ীদের মালামাল আনা-নেওয়া পুরোপুরি বন্ধ রয়েছে। মানুষ ঝুঁকি নিয়ে ভাঙা ব্রিজের ওপর দিয়েই পায়ে হেঁটে যাতায়াত করছে।
জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল আমীন বলেন,
ভাঙা ব্রিজ দুটি স্থানীয়দের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ইতোমধ্যেই কথা হয়েছে। দ্রুতই চলাচলের বিকল্প ব্যবস্থা এবং ভবিষ্যতে নতুন ব্রিজ নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।
এলজিইডি’র উপজেলা প্রকৌশলী আশরাফুল ইসলাম জানান,
ব্রিজ দুটি স্বাধীনতা যুদ্ধের পরপরই পানি উন্নয়ন বোর্ড নির্মাণ করেছিল। এগুলো মেরামতযোগ্য নয়, নতুন করে নির্মাণ করতে হবে। আমরা দ্রুত প্রস্তাব পাঠাবো, তবে সময় লাগতে পারে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
