ঢাকা-আরিচা মহাসড়কে নারী শ্রমিককে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন এক পুলিশ সদস্য। নিহতের নাম মো. শাহিনুর ইসলাম (২৩)। তিনি মানিকগঞ্জ জেলা পুলিশ লাইনে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।
বুধবার (১৭ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে ধামরাইয়ের বালিথা মাহমুদা অ্যাটায়ার্স কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ জানায়, সরকারি জরুরি ডাকে মানিকগঞ্জ থেকে ঢাকা যাচ্ছিলেন কনস্টেবল শাহিনুর। পথে হঠাৎ এক নারী পোশাক শ্রমিক অসতর্কভাবে রাস্তা পার হতে গেলে দ্রুতগামী মোটরসাইকেল নিয়ন্ত্রণে রাখতে তিনি ব্রেক করেন। এতে সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। হেলমেট না থাকায় আঘাত আরও মারাত্মক হয়। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শী পোশাক শ্রমিক স্বপন বলেন,
শাহিনুর ভাই নারী শ্রমিককে বাঁচাতে মোটরসাইকেল থামানোর চেষ্টা করেন। কিন্তু সড়কে পড়ে মাথায় আঘাত পান। আমাদের চোখের সামনে সবকিছু ঘটে গেল।
পারিবারিক সূত্রে জানা যায়, নিহত শাহিনুর ধামরাই উপজেলার বালিথা এলাকার প্রবাসী আলাল উদ্দিনের ছেলে। ২০১৯ সালে তিনি পুলিশে যোগ দেন। তার একটি দুই বছরের শিশু পুত্র রয়েছে। অকাল মৃত্যুর সংবাদে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। নিহতের বাবা বিদেশ থেকে দেশে ফেরার পর দাফনের আয়োজন করা হবে।
গোলড়া হাইওয়ে থানার ওসি সোহেল সারোয়ার বলেন,
সরকারি ডিউটিতে থাকা অবস্থায় শাহিনুর নামে এক পুলিশ সদস্য দুর্ঘটনায় নিহত হয়েছেন। তার মরদেহ ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
