বাগেরহাটের মোংলায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে ৬৮৮ পিস ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ৪৪ হাজার টাকা।
কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মুনতাসির ইবনে মহসিন বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে মোংলা থানার পুরাতন আবাসিক এলাকার কবরস্থান রোড সংলগ্ন স্থানে কোস্ট গার্ড বেইস মোংলা ও পুলিশের একটি দল যৌথ অভিযান চালায়। অভিযানে তল্লাশি চালিয়ে উল্লেখিত ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আটক নারী ও জব্দকৃত ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান কোস্ট গার্ড কর্মকর্তা। তিনি আরও বলেন, মাদক পাচার ও ব্যবসা রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
