আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে টাঙ্গাইলে ৮টি আসনের মধ্যে ৭টিতে বিএনপির প্রাথমিক মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। সারা দেশের ২৩৭টি আসনে প্রার্থীদের প্রাথমিক তালিকা ঘোষণা করেছে বিএনপি।
সোমবার বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে এ তালিকা প্রকাশ করেন।
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু এবং ডা. এ জেড এম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।
এর আগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকেই দলীয় প্রার্থীদের নামের প্রাথমিক তালিকা চূড়ান্ত করা হয়।
ঘোষিত প্রার্থীরা হলেন, টাঙ্গাইল-১ (ধনবাড়ী-মধুপুর) আসনে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আলম স্বপন,টাঙ্গাইল-২ (গোপালপুর- ভূঞাপুর) আসনে সাবেক উপমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু,টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এসএম ওবায়দুল হক নাসির,টাঙ্গাইল- ৪ (কালিহাতী)আসনে বিএনপির নির্বাহী কমিটির সদস্য লুৎফর রহমান মতিন,টাঙ্গাইল-৬ (দেলদুয়ার-নাগরপুর) আসনে যুবদলের সাবেক সহসভাপতি ও ছাত্রদলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রবিউল আওয়াল লাভলু,টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে বিএনপির শিশুবিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী এবং টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান।
অন্যদিকে, টাঙ্গাইল-৫ (সদর) আসনে কোনো প্রার্থী চূড়ান্ত করা হয়নি।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
