ঢাকা, ২৬ আগস্ট ২০২৬, বুধবার, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কুমিল্লাজুড়ে পুলিশ ও ডিবির অভিযান: আওয়ামী লীগের ৪৫ নেতাকর্মী আটক

রাজনীতি | মোঃ সেলিম রেজা মুন্সী, কুমিল্লা প্রতিনিধি

(৯ মাস আগে) ৮ নভেম্বর ২০২৫, শনিবার, ৪:৪২ অপরাহ্ন

banglahour

নাশকতা ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগে কুমিল্লাজুড়ে যৌথ অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৪৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ ও ডিবি।
শুক্রবার (৭ নভেম্বর) রাত থেকে শনিবার (৮ নভেম্বর) দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলায় এই অভিযান পরিচালনা করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানায়, আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে—বিদেশে পলাতক আ.লীগ নেতা আ ক ম বাহাউদ্দিন বাহার, রওশন আলী মাস্টার, এহতেশামুল হক রুমী, আব্দুর সবুর, জাহাঙ্গীর আলম সরকার, ইউসুফ আবদুল্লাহ হারুন ও আবুল কালাম আজাদসহ কয়েকজন নেতার মাধ্যমে স্থানীয় পর্যায়ে টাকার বিনিময়ে নাশকতা ও সরকারবিরোধী আন্দোলনের চেষ্টা চালানো হচ্ছিল।

প্রতি ব্যক্তি ৫ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত পেতেন এক থেকে দুই মিনিটের ‘ঝটিকা মিছিল’ বা সন্ত্রাসী কর্মকাণ্ডে অংশ নেওয়ার জন্য। এসব মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা অধিকাংশ সময় মুখে মাস্ক বা রুমাল বেঁধে নিজেদের পরিচয় গোপন রাখত।

সূত্র জানায়, অর্থ লেনদেনের মাধ্যমে কিছু নির্দলীয় ভাড়াটে ব্যক্তিও এসব মিছিলে অংশ নেয়। তারা মাইক্রোবাস ও সিএনজিতে করে এলাকা পরিবর্তন করে নাশকতামূলক কর্মকাণ্ডে যুক্ত হতো। পাশাপাশি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিদেশে থাকা কয়েকজন নেতা নিয়মিত উসকানি ও প্ররোচনামূলক বার্তা পাঠাচ্ছিলেন বলে জানা গেছে।

কুমিল্লা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল্লাহ বলেন, “জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে এ পর্যন্ত ৪৫ জনকে আটক করা হয়েছে। রাষ্ট্রবিরোধী কার্যকলাপে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ অভিযান অব্যাহত থাকবে।”

আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন—
দাউদকান্দি উপজেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক মো. সোহাগ মিয়া (৪০),
বড়কান্দা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মুকবিল হোসেন (৫৮),
কুমিল্লা মহানগর আওয়ামী লীগ উপদেষ্টা পাপন পাল (৫৫),
বুড়িচং উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুর নূর তুষার (২৮),
কুমিল্লা উত্তর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শের-এ-আলম,
বাঙ্গরা বাজার থানা যুবলীগ নেতা বিল্লাল হোসেন (৪৫),
বরুড়া উপজেলার ঝলম ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ডা. মো. শরিফ উদ্দিন,
লাকসাম উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো. সম্রাট,
চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান,
সংস্কৃতি সম্পাদক কাজী ইয়াসিন,
নাঙ্গলকোট ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মশিউর রহমান ভূঁইয়া,
সদর দক্ষিণ পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাব্বি মজুমদার রাফি,
এছাড়া লালমাই, দেবিদ্বার, চান্দিনা, মুরাদনগর, বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার আরও বেশ কয়েকজন আ.লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীও আটক রয়েছেন।

আইনশৃঙ্খলা বাহিনী জানায়,
রাষ্ট্রবিরোধী অপরাধমূলক কর্মকাণ্ডের মাধ্যমে জননিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগে আটক ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম