ট্যাংকলরীর ভাড়া বৃদ্ধি সহ মোট ৬ দফা দাবিতে টানা তৃতীয় দিনের মতো ধর্মঘট ও অবস্থান কর্মসূচি পালন করেছে খুলনা ট্যাংকলরী ওনার্স অ্যাসোসিয়েশনের মালিক ও শ্রমিকরা। কোনো সমাধান না আসায় তারা আজও সকাল থেকে ট্যাংকলরী চলাচল বন্ধ রেখে অবস্থান কর্মসূচি চালিয়ে যান।
বাংলাদেশ ট্যাংকলরী ওনার্স অ্যাসোসিয়েশনের ডাকায় দেশব্যাপী ধর্মঘটের অংশ হিসেবে খুলনার কাশিপুর মোড়ে বিভাগীয় ট্যাংকলরী ওনার্স অ্যাসোসিয়েশনের কার্যালয়ের সামনে মালিক-শ্রমিকরা জড়ো হন। এ সময় খুলনার পদ্মা, মেঘনা ও যমুনা তেল ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ রাখেন তারা।
ট্যাংকলরী ভবনের সামনে বিক্ষোভও করেন শ্রমিকরা। অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের যুগ্ম সম্পাদক মোড়ল আব্দুস সোবাহান। বক্তব্য রাখেন তেল পরিবেশক সমিতির সহসভাপতি শেখ মুরাদ হোসেন, খুলনা বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সভাপতি এনাম মুন্সী, সাধারণ সম্পাদক আলী আজিম, মিজানুর রহমান মিজু, জাকির হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা জানান, সরকার অবিলম্বে তাদের ৬ দফা দাবি পূরণ না করলে তারা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।
জ্বালানি তেল উত্তোলন বন্ধ থাকায় খুলনা সহ ১৬ জেলায় জ্বালানি সরবরাহ বন্ধ রয়েছে।
আন্দোলনকারীরা ঘোষণা করেন—
প্রথম সপ্তাহে বেলা ১২টা পর্যন্ত ট্যাংকলরীযোগে জ্বালানি তেল পরিবহন বন্ধ থাকবে।
দ্বিতীয় সপ্তাহে বেলা ২টা পর্যন্ত তেল পরিবহন বন্ধ থাকবে।
দাবি পূরণ না হলে ৫ ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য সারাদেশে ট্যাংকলরীযোগে জ্বালানি তেল পরিবহন বন্ধ থাকবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
