কিশোরগঞ্জের কটিয়াদীতে খাদে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে এবং আরেকজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে উপজেলার লোহাজুরী ইউনিয়নের মধ্য পূর্বচর পাড়াতলা এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম লিমন (২৬)। তিনি একই গ্রামের কুদ্দুস মিয়ার একমাত্র ছেলে। আহত নাঈম (২৪) স্থানীয় সেকান্দর মিয়ার ছেলে। সম্পর্কে তারা ঘনিষ্ঠ বন্ধু।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল বেলা দুই বন্ধু বাড়ির পাশের একটি গর্ত সেচ দিয়ে মাছ ধরতে যান। গর্তের পাশেই ছিল বিদ্যুৎচালিত একটি মোটর পাম্প। সেচের পাইপ লাগানোর সময় পানিতে বিদ্যুৎ ছড়িয়ে পড়ে এবং মুহূর্তেই দুজন বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে কটিয়াদী সরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক লিমনকে মৃত ঘোষণা করেন। নাঈম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত লিমনের বাবা কুদ্দুস মিয়া জানান, ছয় মাস আগে সৌদি আরব থেকে দেশে ফিরেছিলেন লিমন এবং বিয়ে করেছিলেন। তার স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা। সকালে দুই বন্ধু মাছ ধরতে গেলে এই দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
