ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী মাওলানা মুফতি সিরাজুল ইসলামের সমর্থনে মুক্তাগাছায় মোটরসাইকেল শোভাযাত্রা বের হয়েছে।
মঙ্গলবার দুপুরে শহরের সরকারি আরকে হাইস্কুল মাঠ থেকে শোভাযাত্রাটি যাত্রা শুরু করে। এরপর এটি মনতলা, ময়মনসিংহ-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়ক হয়ে উপজেলার শেষ সীমান্ত রসুলপুরে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় প্রায় আড়াইশ মোটরসাইকেল ও তিনটি পিকআপসহ ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী যুব আন্দোলন, ছাত্র আন্দোলনসহ অঙ্গসংগঠনের সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন।
এসময় ছাদখোলা গাড়িতে থাকা সংসদ সদস্য প্রার্থী মুফতি সিরাজুল ইসলাম রাস্তার দুই পাশের সাধারণ মানুষের প্রতি হাত নেড়ে শুভেচ্ছা জানান এবং হাতপাখা প্রতীকে ভোট প্রার্থনা করেন।
শোভাযাত্রা শেষে পথসভায় মুফতি সিরাজুল ইসলাম বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাকে ময়মনসিংহ-৫ আসনে প্রার্থী করেছে। দেশ ও জনগণের স্বার্থে ৮-দলীয় জোট এ আসনে ১০০% আমাকেই মনোনীত করবে বলে আমি আশাবাদী।
পথসভায় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মুক্তাগাছা উপজেলা শাখার সভাপতি ডা. রুহুল আমিন, বাংলাদেশ মুজাহিদ কমিটির উপজেলা সভাপতি মাওলানা এনামুল হক, সহসভাপতি মাওলানা রোকন উদ্দিন ও হাফিজ উদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল আলিম, ইসলামী যুব আন্দোলনের উপজেলা সভাপতি মাওলানা মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক মাওলানা আবু রাসেল, ছাত্র আন্দোলনের সভাপতি হাফেজ মাওলানা আল আমিনসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
