আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৫ উপলক্ষে ময়মনসিংহের মুক্তাগাছায় আলোচনা সভা ও অদম্য নারী সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল ৩টায় উপজেলা পরিষদ হলে এ আয়োজন করে উপজেলা প্রশাসন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় ও জাতীয় মহিলা সংস্থা। এ বছরের প্রতিপাদ্য- ‘নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র। সঞ্চালনায় ছিলেন তানজিম তাবাসসুম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাছিনা জামান, উপজেলা মৎস্য কর্মকর্তা তানবির আহম্মেদ, উপজেলা আইসিটি কর্মকর্তা মাঞ্জুর আহমেদ, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা আব্দুল্লাহ আল আমিন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কবিতা নন্দি ও জয়ীতা লুৎফুন্নার নাহার লুৎফা।
বক্তারা বলেন, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে পরিবার ও সমাজকে আরও সচেতন হতে হবে। ডিজিটাল যুগে অনলাইন নিরাপত্তা নিশ্চিত করা এখন জরুরি হয়ে পড়েছে। একই সঙ্গে নারীর ক্ষমতায়ন, অধিকার ও মর্যাদা রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
জীবনের প্রতিকূলতা জয় করে এগিয়ে চলা চার নারীকে এ বছর অদম্য নারী হিসেবে সম্মাননা দেওয়া হয়। সম্মাননা প্রাপ্তরা হলেন, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নূরুন নাহার আক্তার, সমাজ উন্নয়নে অবদানকারী নারী লিপি আক্তার, নির্যাতন জয়ী সাহসী নারী নাসিমা আক্তার, সফল জননী বাসন্তী রানী দে। অতিথিরা তাদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, নারী উদ্যোক্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
