‘সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ’—এই শ্লোগানকে সামনে রেখে গণতন্ত্র শক্তিশালীকরণ কার্যক্রমের আওতায় পটুয়াখালীতে সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ বিষয়ে একটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে সুজন—সুশাসনের জন্য নাগরিক, পটুয়াখালী জেলা কমিটির উদ্যোগে শহরের মল্লিকা রেস্তোরাঁ ও পার্টি সেন্টারে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
‘সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ: নাগরিক ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে সভাপতিত্ব করেন সুজন পটুয়াখালী জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মানস কান্তি দত্ত।
বৈঠকে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সুজন বরিশাল মহানগর কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সুজন ভোলা জেলা কমিটির সভাপতি মোবাশ্বির উল্লাহ চৌধুরী, সুজন বরিশাল জেলা কমিটির সাধারণ সম্পাদক রনজিৎ দত্ত, পটুয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র শীল এবং সুজন বরিশালের আঞ্চলিক সমন্বয়কারী মেহের আফরোজ।
গোলটেবিল বৈঠকে পটুয়াখালীর বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সংবাদকর্মী ও সুধীজন উপস্থিত ছিলেন। আলোচকরা দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে গণতান্ত্রিক উত্তরণ নিশ্চিত করতে নাগরিক সমাজের সক্রিয় ও সংগঠিত ভূমিকা অপরিহার্য বলে মত দেন তারা।
বক্তারা বলেন, একটি শক্তিশালী ও কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠায় ভোটাধিকার নিশ্চিতকরণ, নির্বাচন ব্যবস্থা সংস্কার এবং গণতান্ত্রিক মূল্যবোধ জোরদার করা জরুরি। এ লক্ষ্যে নাগরিকদের সচেতনতা বৃদ্ধি ও সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
বৈঠকের শেষ পর্বে অংশগ্রহণকারীরা গণতন্ত্র সুসংহতকরণ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে ভবিষ্যতেও সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
