ঢাকা, ২৫ আগস্ট ২০২৬, মঙ্গলবার, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

শাহপরানে ব্যবসায়ী শাহাব উদ্দিন হত্যাকাণ্ড পূর্বপরিকল্পিত, বলছে পুলিশ

সারাদেশ | বিলকিস সুমি। ব্যুরো প্রধান। সিলেট।

(৪ ঘন্টা আগে) ২৪ আগস্ট ২০২৬, সোমবার, ৯:৫৫ অপরাহ্ন

banglahour

শাহপরানে ব্যবসায়ী শাহাব উদ্দিন হত্যাকাণ্ড পূর্বপরিকল্পিত, বলছে পুলিশ
সিলেট নগরের শাহপরান এলাকায় ব্যবসায়ী শাহাব উদ্দিন (৬৫) হত্যাকাণ্ডকে পূর্বপরিকল্পিত বলে ধারণা করছে পুলিশ। হত্যার আগে দুর্বৃত্তরা তাকে অনুসরণ করছিল বলে প্রাথমিকভাবে মনে করছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে সোমবার সন্ধ্যা পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। দায়ের হয়নি কোনো মামলাও।
রোববার দিবাগত মধ্যরাতে শাহপরান থানার ইসলামাবাদ এলাকায় নিজ বাসার সামনে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হন শাহাব উদ্দিন। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।


নিহত শাহাব উদ্দিন সিলেটের বিয়ানীবাজার উপজেলার চারখাই এলাকার বাসিন্দা। পরিবার নিয়ে তিনি শাহপরান ইসলামাবাদ এলাকায় নিজস্ব বাসায় বসবাস করতেন। চারখাই বাজারে তার ভোগ্যপণ্যের ব্যবসা রয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।


শাহপরান (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, হত্যাকাণ্ডের কোনো ক্লু এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। তবে ঘটনাটি পূর্বপরিকল্পিত বলে মনে হচ্ছে। হত্যার আগে দুর্বৃত্তরা শাহাব উদ্দিনকে অনুসরণ করছিল বলেও ধারণা করা হচ্ছে।


তিনি আরও বলেন, জমি নিয়ে আব্দুস সাত্তারের সঙ্গে বিরোধ এবং টাকা-পয়সার লেনদেনসহ কয়েকটি বিষয় সামনে এসেছে। সবগুলো বিষয়ই খতিয়ে দেখা হচ্ছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।


এদিকে নিহতের স্ত্রী দাবি করেছেন, শাহাব উদ্দিনের সঙ্গে কারও কোনো বিরোধ ছিল না।


হত্যাকাণ্ডের বর্ণনা দিয়ে নিহতের ছোট ছেলে রেদোয়ান আহমদ বলেন, রাতে এলাকার এক ব্যক্তি এসে জানান, তার বাবাকে কয়েকজন আটকে রেখেছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তিনি বাবাকে রাস্তায় পড়ে থাকতে দেখেন। তার ঘাড়ে ধারালো অস্ত্রের তিনটি কোপের চিহ্ন ছিল এবং পুরো শরীর রক্তে ভেজা ছিল। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পারিবারিক সূত্র জানায়, শাহাব উদ্দিন দুই ছেলে ও দুই মেয়ের জনক। তার এক ছেলে ফ্রান্সে বসবাস করেন।


এর আগে নগরে ব্যবসায়ীসহ তিনজন খুন
এর আগে গত ১২ আগস্ট সকালে সিলেট নগরের রায়নগর মিতালি আবাসিক এলাকার ১১১ নম্বর বাসা ‘নিকুঞ্জ ভিলায়’ একই পরিবারের ব্যবসায়ীসহ তিনজনকে হত্যা করা হয়। নিহতরা হলেন ব্যবসায়ী মো. আব্দুস সাত্তার (৮২), তার স্ত্রী সুরাইয়া বেগম (৭৬) এবং গৃহপরিচারিকা তাহমিনা (২৫)।


পরপর এসব হত্যাকাণ্ডে নগরজুড়ে উদ্বেগ তৈরি হয়েছে। শাহাব উদ্দিন হত্যার ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম