মুক্তাগাছায় ২৪ প্রহরব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠানে অংশ নিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহাবস্থানের বার্তা দিয়েছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক এবং মুক্তাগাছা আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ জাকির হোসেন বাবলু।
শনিবার রাতে পৌর শহরের মুজাটি মধ্যপাড়া শ্রীশ্রী রাঁধাগোবিন্দ মন্দির প্রাঙ্গণে দেশ ও জাতির কল্যাণ এবং বিশ্বশান্তি কামনায় আয়োজিত শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান ও অষ্টকালীন লীলাকীর্তন পরিদর্শনে গিয়ে তিনি এ বার্তা দেন।
এ সময় জাকির হোসেন বাবলু বলেন, আমরা সবাই মিলেমিশে একসঙ্গে বসবাস করব। প্রত্যেকে নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করবে-এটাই আমাদের ঐতিহ্য। এখানে বিভেদ বা বৈষম্যের কোনো জায়গা নেই।
তিনি বলেন, মুক্তাগাছায় ভ্রাতৃত্ব ও সম্প্রীতির যে ধারা দীর্ঘদিন ধরে বিদ্যমান, আগামী দিনগুলোতেও তা অটুট থাকবে।
তিনি আরও বলেন, আমাদের নেতা মোশাররফ সাহেব যেভাবে মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করেছেন, আমিও সেই পথেই এগোতে চাই। আপনাদের ঘরে ঘরে গিয়ে সুখে-দুঃখে পাশে থাকতে চাই। এ সময় তিনি উপস্থিত সবার কাছে সহযোগিতা ও দোয়া কামনা করেন।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান খান রতন, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র শহীদুল ইসলাম শহীদ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান লেবু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুর্শিদুজ্জামান খান সাইফুলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মন্দির কমিটির সভাপতি যতীন্দ্র চন্দ্র দে ও সাধারণ সম্পাদক সজল কুমার দে-ও অনুষ্ঠানে অংশ নেন।
এ সময় জাকির হোসেন বাবলু ফরিদপুরের শিল্পী শ্রীমতী পূজা রায়ের পরিবেশনায় লীলাকীর্তন উপভোগ করেন। পরে তিনি দুল্লা ইউনিয়ন বিএনপির এক মতবিনিময় সভায় অংশ নেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
