ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

স্কাউটিং চরিত্র গঠন ও নেতৃত্ব বিকাশের অনন্য প্ল্যাটফর্ম -রেজাই রাফিন সরকার

সারাদেশ | সিলেট প্রতিনিধি

(১০ মাস আগে) ২৩ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার, ১০:২০ অপরাহ্ন

banglahour

সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) মোহাম্মদ রেজাই রাফিন সরকার বলেছেন, স্কাউটিং হলো চরিত্র গঠন, নেতৃত্ব বিকাশ এবং সমাজসেবার এক অনন্য প্ল্যাটফর্ম। ১৯০৭ সালে লর্ড ব্যাডেন পাওয়েলের প্রতিষ্ঠিত এই যুব আন্দোলন আমাদের শেখায় শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা, দায়িত্ববোধ, সহযোগিতা, পরিবেশ রক্ষা এবং মানবিক মূল্যবোধ। মানুষ কতগুলো অভ্যাসের সমষ্টি। অভ্যাস ভালো হলে জীবন সুন্দর হয়। স্কাউটিং আমাদের মধ্যে গড়ে তোলে ভালো অভ্যাস, আমাদের আত্মবিশ্বাসী করে তোলে। 
আজকে বাড়বাড়িস্থ বর্ণমালা সিটি একাডেমিতে সিলেট সিটি কর্পোরেশন ওপেন স্কাউট গ্রুপ আয়োজিত ৩ দিনব্যাপী ৩য় বার্ষিক গ্রুপ স্কাউট ও ১ম ফ্রেন্ডশীপ ক্যাম্প ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রেজাই রাফিন বলেন, ‘সদা প্রস্তুত’- মূলমন্ত্র অনুসরণ করে আমরা নিজেদের জীবনকে সমৃদ্ধ করব এবং দেশ ও সমাজের জন্য নিবেদিতপ্রাণ নাগরিক হয়ে উঠবো। মনে রেখো,  শিক্ষা সারাজীবন বন্ধুর মতো আমাদের পাশে থাকে। এখন শিক্ষার সুযোগ অবারিত। হাতের মুঠোয় থাকা ডিভাইসে রয়েছে পুরো পৃথিবী। তোমরা শিক্ষার যে সুযোগ পাচ্ছো, আমরা সেটা পাইনি। অনেক প্রতিকূল পরিস্থিতিতে আমাদের জ্ঞান অর্জন করতে হয়েছে। তাই সকলের উচিত তথ্যপ্রযুক্তিকে আশির্বাদ হিসেবে গ্রহণ করা এবং এর থেকে প্রয়োজনীয় ও শিক্ষণীয় জ্ঞান আহরণ করা। 
তিনি আরো বলেন, এই ক্যাম্পের মাধ্যমে তোমরা নতুন বন্ধুত্ব গড়ে তুলবে, দক্ষতা অর্জন করবে এবং প্রকৃতির সান্নিধ্যে নিজেদের শক্তিশালী করবে। সিলেট সিটি কর্পোরেশন সবসময় এ ধরনের উদ্যোগে পাশে ছিলো এবং থাকবে। কারণ, তোমরাই আগামী দিনের নেতা এবং দেশ গঠনের কারিগর। সকলে মিলে স্কাউটের শপথ বুকে ধারণ করো, দায়িত্ব পালন করো, অন্যকে সাহায্য করো এবং সর্বদা প্রস্তুত থাকো। সর্বোপরি নিজের জীবনকে গড়ে তোলার জন্য পাঠ্যপুস্তক থেকে শুরু করে স্কাউটিং, সর্বক্ষেত্রেই জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করতে হবে।
সিলেট সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা বিশ্বজিত দেবের সভাপতিত্বে ও বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের উপস্থাপক প্রান্ত দাশের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস সিলেট মেট্রোপলিটন জেলার কমিশনার মো. কবির খান, বাংলাদেশ স্কাউটস সিলেট মেট্রোপলিটন জেলার  স্কাউট লিডার অজয় কান্তি রায়, সিসিকের শিক্ষা, সংস্কৃতি, পাঠাগার ও সমাজকল্যাণ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থ,  বিশিষ্ট সমাজসেবক আমির হোসেন, সিসিকের শিক্ষা কর্মকর্তা ড. মো. তুতিউর রহমান, পাঠানটুলা দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন, বীরেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অর্জুন চন্দ্র দাশ, বর্ণমালা সিটি একাডেমির প্রধান শিক্ষক বরুণ কান্তি দাশ তালুকদার, সহকারী প্রধান শিক্ষক অজিত কুমার দাশ, সহকারী শিক্ষক অনিতা রাণী তালুকদার,  সিসিকের ৮ নং ওয়ার্ড সচিব পিন্টু আহমদ ।
উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ক্যাম্প চিফ শিমুল চক্রবর্তী। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ইরফান জাহান জোহান ও পবিত্র গীতা পাঠ করেন রুদ্র চক্রবর্তী।  আমন্ত্রিত অতিথিবৃন্দকে স্কাউটস স্কার্ফ পরিয়ে বরণ করেন স্কাউট সদস্য পিয়াল দাস হিমেল। উদ্বোধনী অনুষ্ঠানের অন্তিম পর্বে সাংস্কৃতিক পরিবেশনা করেন বিভিন্ন স্কাউট দলের সদস্যরা।
উদ্বোধন অনুষ্ঠানে এ বছর প্রেসিডেন্ট স্কাউট পদক প্রাপ্ত পিয়াস দাশ হিমেল ও বাধন সরকারের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিবৃন্দ।   
উল্লেখ্য, মহা তাঁবু জলসা অনুষ্ঠানের মধ্যে দিয়ে সমাপ্তি ঘটবে ৩ দিনব্যাপী বার্ষিক গ্রুপ স্কাউট ও ফ্রেন্ডশীপ ক্যাম্পের। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম