ঢাকা, ২৬ মে ২০২৬, মঙ্গলবার, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

নির্বাহী আদেশ উপেক্ষা করে শোকের দিনে অফিস ও ভুরিভোজ খুলনা ওয়াসার ডিএমডি ঝুমুর বালার অপসারণ দাবি, কর্মচারী ইউনিয়নের বিক্ষোভ

সারাদেশ | শেখ লিয়াকত হোসেন, ব্যুরো প্রধান

(৪ মাস আগে) ১ জানুয়ারি ২০২৬, বৃহস্পতিবার, ৮:৩২ অপরাহ্ন

banglahour

সারা দেশ যখন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকাহত, রাষ্ট্রীয়ভাবে তিন দিনের শোক ও সাধারণ ছুটি পালন করা হচ্ছে—ঠিক সে সময় নির্বাহী আদেশ উপেক্ষা করে অফিস করেন খুলনা ওয়াসার ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (অর্থ ও প্রশাসন) ঝুমুর বালা ও তাঁর অনুসারী কয়েকজন কর্মকর্তা-কর্মচারী।

বুধবার (শোক ও সাধারণ ছুটির দিন) খুলনা ওয়াসা ভবনে অফিস খোলা থাকলেও দিনের একটি পর্যায়ে ঝুমুর বালাকে অফিসে পাওয়া যায়নি। এ ঘটনার প্রতিবাদে খুলনা ওয়াসা কর্মচারী ইউনিয়ন (সিবিএ) দুপুরে ওয়াসা গেটের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করে। বিক্ষোভ থেকে ঝুমুর বালাসহ ওই দিন অফিস করা ও ভুরিভোজে অংশ নেওয়া কর্মকর্তাদের অপসারণ দাবি করা হয়।

কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল গফফার বলেন, “রাষ্ট্রীয় শোক দিবসে সারা দেশ যখন শোকে স্তব্ধ, তখন খুলনা ওয়াসার ডিএমডি ঝুমুর বালার নেতৃত্বে একদল কর্মকর্তা অফিস করেন। শুধু তাই নয়—সকাল থেকে ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি, কেউ কালো ব্যাজও ধারণ করেননি।”

তিনি আরও অভিযোগ করেন, “শোকের দিনে কোনো শোকবার্তা সংবলিত ব্যানারও টানানো হয়নি, যা চরম অবমাননাকর।”

বুধবার বেলা ১১টার দিকে গণমাধ্যমকর্মীরা বিষয়টি জানতে পেরে ওয়াসা ভবনে প্রবেশ করলে ভেতরে দাপ্তরিক কাজে ব্যস্ত কর্মকর্তাদের দেখতে পান। এ সময় নিরাপত্তাকর্মীরা সাংবাদিকদের বাধা দেন এবং একজন সাংবাদিককে একটি কক্ষে আটকে রেখে ক্যামেরা ভাঙচুরের চেষ্টা করা হয় বলে অভিযোগ ওঠে।

ওয়াসার একাধিক সূত্র জানায়, সম্প্রতি জনবল নিয়োগ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে পছন্দের প্রার্থীদের অগ্রাধিকার দিতে এমডির নির্দেশে ঝুমুর বালাসহ কয়েকজন কর্মকর্তা সাধারণ ছুটির দিনে অফিস করেন। ওই দিন একটি অভিজাত হোটেল থেকে ৩৫ প্যাকেট খাবার এনে ভুরিভোজের আয়োজন করা হয় বলেও অভিযোগ রয়েছে।

সরেজমিনে দেখা যায়, শোকের দিনেও ওয়াসা ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়নি এবং কোনো কর্মকর্তা কালো ব্যাজ পরেননি। গণমাধ্যমকর্মীরা ওয়াসা অফিসের সামনে অবস্থান নিলে কালো গ্লাস লাগানো ব্যক্তিগত গাড়িতে করে দ্রুত অফিস ত্যাগ করেন ঝুমুর বালা। কথা বলার চেষ্টা করা হলেও তিনি গাড়ির গতি বাড়িয়ে সেখান থেকে চলে যান।

এ বিষয়ে খুলনা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ কামরুজ্জামানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে প্রথমে তিনি এক সাংবাদিককে বলেন, “ছুটির দিনে কেউ অতিরিক্ত কাজ করলে দোষের কিছু নেই।” তবে কেন বিশেষ এই দিনে অফিস করা হলো—এমন প্রশ্ন করা হলে তিনি ফোন কেটে দেন।

খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব অ্যাডভোকেট বাবুল হাওলাদার বলেন, “সাধারণ ছুটির দিনে দাপ্তরিক কাজের আড়ালে নিজস্ব কোনো ভাগ-বাটোয়ারা হচ্ছে কি না, সে বিষয়ে জনমনে সন্দেহ সৃষ্টি হয়েছে। বিষয়টি মোটেও গ্রহণযোগ্য নয়।”

উল্লেখ্য, ডিএমডি ঝুমুর বালার বিরুদ্ধে অতীতেও একাধিক অভিযোগ রয়েছে। ফ্যাসিস্ট সরকার আমলে তিনি বরিশালের উজিরপুরে ইউএনও হিসেবে দায়িত্ব পালনকালে তাঁর ভাই সঞ্জিব বালার মাধ্যমে বালু উত্তোলনসহ নানা অনিয়মের অভিযোগ ওঠে। পরে বাগেরহাট জেলা পরিষদে চাকরিকালে ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে বিতর্ক সৃষ্টি হয়, যা দুদকের অনুসন্ধান পর্যন্ত গড়ায়। এরপর তাঁকে খুলনা ওয়াসায় বদলি করা হয়।

খুলনা ওয়াসায় বদলি হয়ে তিনি ফেজ-২ প্রকল্পে আওয়ামী ঘরানার নির্বাহী প্রকৌশলী মো. রেজাউল ইসলামকে পিডি করার জন্য একটি সিন্ডিকেট গড়ে তোলেন বলে অভিযোগ রয়েছে। এ সিন্ডিকেটে ওয়াসার সাবেক সচিব প্রশান্ত কুমার ও বর্তমান পরিচালনা বোর্ডের সদস্য ইব্রাহিম খলিল জড়িত ছিলেন বলে সিবিএ নেতারা দাবি করেন। ২২ হাজার ৫৯৮ কোটি টাকার এই প্রকল্প বাস্তবায়ন নিয়েও গুরুতর প্রশ্ন উঠেছে।

বিক্ষোভ সমাবেশে সিবিএ সভাপতি মোহাম্মদ, নেতা কবির হোসেন, রবিউল ইসলাম, দুলাল উদ্দিন খানসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য দেন।

ওয়াসার সচিব মাহেরা নাজনীন জানান, বিষয়টি এমডিকে অবহিত করা হবে। তবে বর্তমান ঘটনায় নগরবাসী চরম ক্ষুব্ধ। দাবি আদায় না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন সিবিএ নেতৃবৃন্দ।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯