গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় দুইটি বালুবাহী ট্রাকের সংঘর্ষে ট্রাকের চালক ও হেলপারসহ দুইজন নিহত হয়েছেন।
সোমবার (৫ জানুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার ঢাকা–রংপুর মহাসড়কের কালিতলা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি বালু বোঝাই ড্রাম ট্রাক দ্রুতগতিতে বগুড়ার দিকে যাচ্ছিল। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থেমে থাকা অপর একটি বালুবাহী ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে চলন্ত ট্রাকটির চালক ও তার সঙ্গে থাকা একজন ঘটনাস্থলেই নিহত হন। থেমে থাকা ট্রাকে কোনো লোকজন না থাকায় সেখানে হতাহতের ঘটনা ঘটেনি।
নিহত ট্রাকচালকের নাম আব্দুর রহিম (৪২)। তিনি টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলার আইয়ুব আলীর ছেলে। অপর নিহত ব্যক্তি চাঁন মিয়া (৩৫), তিনি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার রতনপুর গ্রামের গেন্দা শেখের ছেলে এবং পেশায় কাপড় ব্যবসায়ী বলে জানা গেছে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। দুর্ঘটনায় জড়িত দুইটি বালু বোঝাই ড্রাম ট্রাক জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
