নেত্রকোনা জেলা শহরে গ্যাসের চাপ কমে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন বাসাবাড়ির গৃহিণীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। রান্নাবান্নার জন্য শহরের প্রায় পাঁচ হাজার ছয় শতাধিক পরিবার তিতাস গ্যাসের ওপর নির্ভরশীল। তবে সম্প্রতি গ্যাসের সরবরাহ ও চাপ কমে যাওয়ায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।
শহরের বিভিন্ন অলিগলিতে কখনো কখনো গ্যাস একেবারেই থাকে না। আবার কখনো চাপ এতটাই কম থাকে যে রান্না করতে স্বাভাবিক সময়ের তুলনায় কয়েকগুণ বেশি সময় লাগে। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন চাকরিজীবী, ব্যবসায়ী ও স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা। সকালের রান্না বিলম্বিত হওয়ায় অনেকেই খাবার না খেয়েই কর্মস্থল বা শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে বাধ্য হচ্ছেন।
বিশেষ করে সকাল বেলায় সাতপাই কালীবাড়ি মোড়, মগড়া নদীর পাড়, গাড়া রোড ও নাগড়া এলাকার বাসাবাড়িগুলোতে গ্যাসের চাপ একেবারেই কমে যায়। ফলে অনেক চাকরিজীবী গৃহিণী রান্না অসম্পূর্ণ রেখেই অফিসে চলে যান। বাধ্য হয়ে অনেক পরিবার হোটেল-রেস্টুরেন্টের খাবারের ওপর নির্ভর করছে, এতে বাড়তি খরচের পাশাপাশি বাসি ও অস্বাস্থ্যকর খাবার খাওয়ার ঝুঁকিও বাড়ছে।
কালীবাড়ি মোড় এলাকার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রথীন্দ্রনাথ বলেন, “সকালে গ্যাসের চাপ এতটাই কম থাকে যে রান্না করা সম্ভব হয় না। ছেলে ও তার বাবা বাধ্য হয়ে আগের দিনের বাসি খাবার খায়। আমি নিজেও অনেক সময় বাইরে থেকে রুটি কিনে অফিসে খাই। গ্যাসের এই দুর্ভোগ থেকে দ্রুত মুক্তি চাই।”
নাগড়া এলাকার ব্যবসায়ী ইমাম হোসেন বলেন, “দীর্ঘদিন ধরেই গ্যাস সংকট চলছে, কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তেমন কোনো কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না। বাধ্য হয়ে অনেকে ভেজাল হোটেল খাবার খাচ্ছে, এতে শিশুদের স্বাস্থ্য সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়ছে। কেউ কেউ আবার অতিরিক্ত খরচ করে সিলিন্ডার গ্যাস ব্যবহার করছেন।”
তিনি আরও বলেন, “শীতকালে শিশু ও বয়স্কদের জন্য গোসলের পানি, দুধ ও খাবার গরম করা অত্যন্ত জরুরি। অসুস্থ হলে গরম খাবার রান্না করা ছাড়া উপায় থাকে না। এই তীব্র শীতে হোটেলে গিয়ে খাবার খাওয়াও কষ্টসাধ্য। দ্রুত সমস্যার সমাধান হওয়া প্রয়োজন।”
এ বিষয়ে নেত্রকোনা আঞ্চলিক বিপণন কার্যালয়ের ডেপুটি ম্যানেজার মো. গোলাম মোর্তজা বলেন, “গ্যাসের সামগ্রিক সরবরাহ কমে যাওয়ায় এই সমস্যা দেখা দিয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সরবরাহ স্বাভাবিক হলে সমস্যার সমাধান হবে। তবে স্থানীয়ভাবে লাইনে কোনো কারিগরি বা অবকাঠামোগত সমস্যা আছে কি না, সেটিও খতিয়ে দেখা হবে।”
গ্যাস সংকট নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন নেত্রকোনা শহরবাসী।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
