ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলায় বাস, অটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষের পর ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একটি শিশুও রয়েছে।
শুক্রবার দুপুরে উপজেলার বানিয়াপাড়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর মুহূর্তের মধ্যেই বাসে আগুন ছড়িয়ে পড়ে এবং যাত্রীরা দগ্ধ হন।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ঘটনাস্থল থেকে শিশুসহ চারজনের মরদেহ উদ্ধার করা হয়।
প্রাথমিক তদন্তের বরাতে তিনি আরও জানান, মোটরসাইকেল ও বাসের সংঘর্ষের ফলে মোটরসাইকেলের জ্বালানি ট্যাংক থেকে আগুনের সূত্রপাত হতে পারে। সেই আগুন দ্রুত বাসে ছড়িয়ে পড়ে এবং বড় ধরনের ক্ষয়ক্ষতির সৃষ্টি হয়।
দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
