কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষাকে ঘিরে সংঘবদ্ধ জালিয়াতির একটি চক্রের সন্ধান পেয়েছে পুলিশ। পরীক্ষা কেন্দ্রের অদূরে একটি বাসায় গোপনে প্রশ্নের উত্তর সংগ্রহ ও সরবরাহের সময় ছাত্রদল নেতাসহ ছয়জনকে বিশেষ ডিভাইসসহ হাতেনাতে আটক করা হয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি) সকালে নাগেশ্বরী উপজেলার একটি পরীক্ষা কেন্দ্রের পাশের একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে পুলিশ নিশ্চিত করেছে।
আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন নাগেশ্বরী উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিনারুল ইসলাম। তিনি একই সঙ্গে নাগেশ্বরী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এবং বামনডাঙ্গা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক পদে দায়িত্ব পালন করছেন। এছাড়া আসন্ন বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবেও তার নাম আলোচিত হচ্ছে। তবে আটক বাকি পাঁচজনের পরিচয় তদন্তের স্বার্থে এখনো প্রকাশ করা হয়নি।
নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল্লাহ হিল জামান বলেন,
“পরীক্ষা কেন্দ্রের কাছাকাছি একটি বাসায় ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে অসাধু উপায়ে প্রশ্নের উত্তর সংগ্রহের সময় মিনারুল ইসলামসহ ছয়জনকে আটক করা হয়েছে। অভিযানে ব্যবহৃত ডিভাইসগুলো জব্দ করা হয়েছে এবং তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।”
তিনি আরও জানান, অভিযানের শেষ দিকে আরও গুরুত্বপূর্ণ তথ্য ও সংশ্লিষ্ট ব্যক্তিদের নাম উঠে আসার সম্ভাবনা রয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।
ঘটনার পর সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরীক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বা বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে বিষয়ে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান ওসি।
এই ঘটনায় স্থানীয় পর্যায়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে এ বিষয়ে আটক ব্যক্তিদের পরিবার কিংবা সংশ্লিষ্ট কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
