বাগেরহাটের মোংলা উপজেলায় রেল দুর্ঘটনায় নয়মী বিশ্বাস (২৫) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে উপজেলার দিগরাজ বিদ্যার বাহন এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
মোংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনাটি রেললাইনে ঘটায় পরবর্তী আইনগত প্রক্রিয়া রেলওয়ে পুলিশ পরিচালনা করছে।
নিহত নয়মী বিশ্বাস মোংলা উপজেলার শেলাবুনিয়া গ্রামের বাসিন্দা দিনেশ বিশ্বাসের কন্যা।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, বেনাপোল–মোংলা রুটের একটি যাত্রীবাহী কমিউটার ট্রেন দিগরাজ বিদ্যার বাহন এলাকার রেললাইন অতিক্রম করার সময় ওই তরুণী ট্রেনের নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে রেলওয়ে কর্তৃপক্ষ ও প্রশাসনের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।
তবে কীভাবে বা কোন পরিস্থিতিতে ওই তরুণী ট্রেনের নিচে পড়েছেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য নিশ্চিত করতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
