বাগেরহাটের সুন্দরবন সীমান্তবর্তী কালাবগি এলাকায় কোস্ট গার্ডের অভিযান থেকে প্রায় ৫ লাখ টাকা মূল্যের ৪৯০ কেজি অবৈধ কাঁকড়াসহ ৫ কাঁকড়া ব্যবসায়ী আটক হয়েছেন।
শনিবার (১০ জানুয়ারি) মোংলা কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. মুনতাসীর ইবনে মহসিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৯ জানুয়ারি রাত ৮টায় নলিয়ান আউটপোস্টের একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে আটককৃতরা হলেন, তরুণ সরকার, মনজুর ঢালী, মোহাম্মদ জাহাঙ্গীর গাজী, মাসুম বিল্লাহ এবং মোহাম্মদ আজাদ সানা। তাদের সকলের বাড়ি দাকোপের কালাবগি এলাকায়। জব্দকৃত কাঁকড়া ও আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফরেস্ট বিভাগে হস্তান্তর করা হয়েছে।
মিডিয়া কর্মকর্তা আরও বলেন, দেশের বন ও সামুদ্রিক সম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত রাখবে। উল্লেখ্য, কাঁকড়ার প্রজনন মৌসুম (জানুয়ারি–ফেব্রুয়ারি) চলাকালে সুন্দরবন থেকে কাঁকড়া আহরণ, শিকার ও ক্রয়-বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
