চুয়াডাঙ্গা শহরের কবরী রোড এলাকায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকিমূলক অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় একটি খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানের মালিককে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার (১১ জানুয়ারি) সকাল ১১টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, তদারকিকালে কবরী রোড এলাকার মেসার্স অহিদুল চটপটি হাউজ (ভাই ভাই ফুচকা হাউজ) এ একাধিক গুরুতর অনিয়ম ধরা পড়ে।
তিনি জানান, প্রতিষ্ঠানটিতে ট্রেড লাইসেন্স ও স্বাস্থ্য সনদ নবায়ন না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশে বাসি মুরগির মাংস সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ দই বিক্রির উদ্দেশ্যে প্রদর্শন ও মজুত রাখার প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী অহিদুল ইসলামকে ৬০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। আদায়কৃত জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে।
অভিযানে সহযোগিতা করেন নিরাপদ খাদ্য কর্মকর্তা সজীব পাল, পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর নার্গিস জাহান, ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম এবং চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি দল।
ভোক্তা অধিকার রক্ষা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে চালু থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
