রাঙ্গামাটির বরকল উপজেলার সীমান্তঘেঁষা দুর্গম হরিণা এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠান ও অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা প্রদান করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (১২ জানুয়ারি) সকালে হরিণা জোনের উদ্যোগে ‘সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্প’-এর আওতায় ব্যাটালিয়ন সদরে সুবিধাবঞ্চিত ও দুস্থ জনগণের মধ্যে আর্থিক সহায়তা বিতরণ করা হয়। অনুদান কার্যক্রমের নেতৃত্ব দেন বিজিবি হরিণা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদী।
এ সময় ভূষণছড়া ও বড়হরিণা ইউনিয়নের বিভিন্ন মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিক সহায়তা দেওয়া হয়। পাশাপাশি ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের বসতঘর মেরামতের জন্য ঢেউটিন, সোলার প্যানেল ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। দরিদ্র ও অসুস্থ ব্যক্তিদের উন্নত চিকিৎসার জন্য আর্থিক অনুদান এবং আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সেলাই মেশিন (স্ট্যান্ডসহ) প্রদান করা হয়।
এছাড়া ভূষণছড়া মুসলিমপাড়া জামে মসজিদে একটি মাইক সেট এবং স্থানীয় শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদী বলেন, বিজিবির দায়িত্ব শুধু সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা নয়, বরং দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের পাশে দাঁড়ানোও আমাদের মানবিক কর্তব্য। দুর্গম পার্বত্য এলাকায় বসবাসকারী সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিজিবি নিয়মিতভাবে এ ধরনের সহায়তা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
তিনি আরও বলেন, সমাজের অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে বিজিবি ভবিষ্যতেও মানবিক কর্মকাণ্ড অব্যাহত রাখবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
