গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার কিশোরগাড়ি ইউনিয়নের বড় শিমুলতলা গ্রামে ডিশ ও ওয়াইফাই সংযোগ নিয়ে বিরোধের জেরে বিদ্যুতায়িত হয়ে আলহাজ নামের এক ব্যক্তি মারা গেছেন। মঙ্গলবার সন্ধ্যায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, পলাশবাড়ির বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে ডিশ সংযোগ ব্যবসা পরিচালনা করে আসছেন সাইদুর রহমান এবং ওয়াইফাই সংযোগ ব্যবসায়ী হিসেবে কাজ করছেন মতিউর রহমান। সংযোগ ব্যবসাকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল।
মঙ্গলবার সকালে ওই এলাকায় ওয়াইফাই সংযোগ নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়, যা একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। এতে একজন আহত হন। পরে ঘটনার জের ধরে ডিশ ব্যবসায়ী সাইদুর রহমানের পক্ষের কয়েকজন একটি বাড়ির পাশে ওয়াইফাই সংযোগ বিচ্ছিন্ন করতে যান।
এ সময় অসাবধানতাবশত আলহাজ নামের ওই ব্যক্তি ওয়াইফাই লাইনের পাশ দিয়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যান। আশপাশের লোকজন তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পলাশবাড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) সারোয়ার আলম খান জানান, এটি কোনো হত্যাকাণ্ড নয়। প্রাথমিকভাবে জানা গেছে, বিদ্যুতায়িত হওয়ার কারণেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
