ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নাগরিক সভ্যতা গড়ে তোলার লক্ষ্যে ‘ইয়ুথ ফর ফেয়ার সিটি’ নামে নতুন একটি তরুণ প্ল্যাটফর্ম চালু করেছে।
১৩ জানুয়ারি গুলশানে ডিএনসিসি নগর ভবনে “সবুজ ও টেকসই ঢাকা বিনির্মাণে তরুণদের ভূমিকা” শীর্ষক আলোচনা সভার শেষে ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ আনুষ্ঠানিকভাবে প্ল্যাটফর্মের ঘোষণা দেন। তিনি বলেন, “শহরকে জলবায়ু সহিষ্ণু ও ন্যায়সঙ্গত নগরে রূপান্তর করতে তরুণদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। তাদের উদ্যম ও দক্ষতা নগর নিরাপত্তা, জনস্বাস্থ্য এবং পরিবেশ সুরক্ষায় কাজে লাগানো সম্ভব।”
আলোচনা সভায় তরুণরা নগর সমস্যা ও সম্ভাবনা নিয়ে প্রশ্ন করেন, যার উত্তর দেন প্রশাসক। তিনি বলেন, “নগর প্রশাসন এখনো শক্তিশালী নয়। স্থানীয় সরকার ব্যবস্থাকে কার্যকর ও শক্তিশালী করতে মৌলিক পরিবর্তন প্রয়োজন। তরুণদের সম্পৃক্ত করলে উদ্ভাবনী শক্তি নগর উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করতে পারে।”
সভায় একটি জরিপের তথ্যও উপস্থাপন করা হয়, যেখানে দেখা যায় শহরের প্রায় ৭০ শতাংশ তরুণ মনে করেন, নীতিনির্ধারণ প্রক্রিয়ায় তাদের মতামত শোনা হচ্ছে। প্রশাসক এটি ইতিবাচক অগ্রগতি হিসেবে উল্লেখ করেন এবং বলেন, “এই আস্থা আরও দৃঢ় করতে প্রাতিষ্ঠানিক কাঠামো উন্নয়ন জরুরি।”
বেসরকারি সংস্থা ব্রাইটার্স এর সহযোগিতায় এই আলোচনা ও কর্মসূচি আয়োজন করা হয়। ডিএনসিসি আশা করে, নতুন প্ল্যাটফর্মের মাধ্যমে তরুণরা ভবিষ্যতে ন্যায়সঙ্গত, বাসযোগ্য ও টেকসই ঢাকার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
