চুয়াডাঙ্গা প্রেসক্লাব ও বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিটের ২০২৬-২০২৭ মেয়াদী কার্যনির্বাহী কমিটির সদস্যদের শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) সকাল ১১টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মারুফ সরোয়ার বাবু নবনির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করান। এ সময় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য অ্যাডভোকেট এম এম শাহজাহান মুকুল ও আ. স. ম. আব্দুর রউফ, ক্লাবের প্রবীণ সদস্য আজাদ মালিতা, এম এম আলাউদ্দিন ও মাহফুজ উদ্দিন খান উপস্থিত ছিলেন।
শপথ গ্রহণ করেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি ও দৈনিক সময়ের সমীকরণ-এর প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, সহ-সভাপতি ও এটিএন বাংলা ও এটিএন নিউজের চুয়াডাঙ্গা প্রতিনিধি রফিক রহমান, সাধারণ সম্পাদক ও দৈনিক প্রথম আলোর প্রতিনিধি শাহ আলম সনি, সহ-সাধারণ সম্পাদক ও স্টার টিভির প্রতিনিধি জহির রায়হান সোহাগ, অর্থ সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিন ও নিউজ ২৪-এর প্রতিনিধি জামান আখতারসহ অন্যান্য কার্যনির্বাহী সদস্যবৃন্দ।
এছাড়া বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিটের সভাপতি ও এনটিভির প্রতিনিধি অ্যাডভোকেট রফিকুল ইসলাম, সহ-সভাপতি পলাশ উদ্দীন, সাধারণ সম্পাদক হুসাইন মালিক, সহ-সাধারণ সম্পাদক শামীম রেজা, অর্থ সম্পাদক আলমগীর কবির শিপলুসহ নবনির্বাচিত নেতৃবৃন্দ শপথ গ্রহণ করেন।
পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। শুরুতেই নবনির্বাচিত সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানান প্রেসক্লাবের জ্যেষ্ঠ সদস্য কামাল উদ্দীন জোয়ার্দ্দার। পরে ক্লাবের দাতা সদস্য ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মারুফ সরোয়ার বাবু বলেন, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে সবার সহযোগিতার জন্য আমরা কৃতজ্ঞ। নতুন কমিটি চুয়াডাঙ্গা জেলায় দায়িত্বশীল ও গ্রহণযোগ্য সাংবাদিকতা উপহার দেবে—এটাই সকলের প্রত্যাশা।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
