কুমিল্লায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ সময় একজন আসামিকে আটক করা হয়েছে।
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) সূত্রে জানা গেছে, দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি আন্তঃসীমান্ত অপরাধ, চোরাচালান ও মাদক পাচার রোধে নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনা করে আসছে বিজিবি। এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার আওতাধীন বিবিরবাজার বিওপি ও কটকবাজার পোস্টের বিশেষ টহলদল পৃথক দুটি অভিযান পরিচালনা করে।
অভিযানের এক পর্যায়ে সীমান্ত থেকে আনুমানিক ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গাজীপুর নামক স্থানে বিজিবির টহলদল ৯৯১ পিস ইয়াবা ট্যাবলেট, একটি মোবাইল ফোনসহ একজন আসামিকে আটক করে।
এছাড়া একই সময়ে সীমান্ত থেকে প্রায় ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পাঁচথুবী নামক স্থানে পরিচালিত আরেকটি অভিযানে ১৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ একটি স্কুটি মোটরসাইকেল জব্দ করা হয়।
সব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ এলাকায় ১ জন আসামিসহ মোট ১৬ হাজার ৯৯১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ৫৩ লাখ ১২ হাজার ৩০০ টাকা।
বিজিবি জানায়, আটক আসামি, উদ্ধারকৃত মাদক, মোবাইল ফোন ও জব্দকৃত যানবাহনের বিরুদ্ধে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
