সিলেট বিচার বিভাগের উদ্যোগে শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনাল, সিলেটের বিচারক (জেলা জজ) মরহুম এ. কে. এম. কামাল উদ্দিনের ইন্তেকালে এক স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সিলেট জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে আয়োজিত এই স্মরণ সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সিলেটের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ হালিম উল্লাহ চৌধুরী।
সভাপতির বক্তব্যে সিনিয়র জেলা ও দায়রা জজ বলেন, মরহুম এ. কে. এম. কামাল উদ্দিন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের তৃতীয় ব্যাচের একজন সদস্য ছিলেন। তিনি শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনাল, সিলেটে বিচারক (জেলা জজ) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। অসুস্থতাজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ জানুয়ারি তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে সিলেট বিচার বিভাগ গভীরভাবে শোকাহত।
তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং মরহুম এ. কে. এম. কামাল উদ্দিনের সার্বিক চিকিৎসায় সহযোগিতা প্রদানের জন্য বাংলাদেশের প্রধান বিচারপতি, আইন মন্ত্রণালয়, সুপ্রিম কোর্ট প্রশাসন, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনসহ সারা দেশের বিচারকবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
স্মরণ সভায় মরহুমের কর্মজীবন ও অবদানের কথা স্মরণ করে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সিলেটে কর্মরত বিভিন্ন পর্যায়ের বিচারক, জেলা ও দায়রা জজ আদালতের পিপি এবং সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক বক্তব্য প্রদান করেন।
আলোচনা শেষে মরহুম এ. কে. এম. কামাল উদ্দিনের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
