ঢাকা, ৩০ মে ২০২৬, শনিবার, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্পের শুল্ক হুমকি: বিশ্ব রাজনীতিতে বাড়ছে উত্তেজনা

বিশ্ব | মাইনুল ইসলাম । বিশেষ প্রতিবেদন

(৪ মাস আগে) ২২ জানুয়ারি ২০২৬, বৃহস্পতিবার, ১:৫২ পূর্বাহ্ন

banglahour

গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থানের বিরোধিতা করায় একাধিক মিত্র দেশের ওপর শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ঘোষণাকে কেন্দ্র করে বিশ্ব রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ট্রাম্প জানিয়েছেন, আগামী ১ ফেব্রুয়ারি থেকে ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস ও ফিনল্যান্ড, এই আট দেশের পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক কার্যকর করা হবে। পাশাপাশি তিনি সতর্ক করে বলেন, ১ জুনের মধ্যে গ্রিনল্যান্ড অধিগ্রহণ সংক্রান্ত চুক্তি না হলে শুল্ক বাড়িয়ে ২৫ শতাংশ করা হতে পারে।

ট্রাম্পের এই ঘোষণার পরপরই কড়া প্রতিক্রিয়া জানায় ইউরোপের একাধিক দেশ। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার স্পষ্ট ভাষায় বলেন, এই শুল্ক হুমকি “সম্পূর্ণ ভুল” এবং এটি একটি সম্ভাব্য ট্রেড ওয়ারের পথ খুলে দিতে পারে, যা শেষ পর্যন্ত কোনো দেশকেই লাভবান করবে না। তিনি যুক্তরাজ্য, ডেনমার্কসহ অন্যান্য মিত্র দেশের সঙ্গে সংলাপ ও কূটনৈতিক সমাধানের গুরুত্ব তুলে ধরেন এবং বলেন, এমন চাপ প্রয়োগ ন্যাটো ও দীর্ঘদিনের মিত্রতার মূলনীতির পরিপন্থী।

স্টারমার আরও বলেন, গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার শুধুমাত্র ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের জনগণের। বাণিজ্য শুল্ককে রাজনৈতিক চাপের হাতিয়ার হিসেবে ব্যবহার করা আন্তর্জাতিক সম্পর্কের জন্য ক্ষতিকর।

এ বিষয়ে ইউরোপীয় নেতাদের সমালোচনাও তীব্র। তাদের মতে, ট্রাম্পের শুল্ক হুমকি ট্রান্সআটলান্টিক সম্পর্ককে দুর্বল করতে পারে এবং ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের ঐক্যে ফাটল ধরানোর ঝুঁকি তৈরি করছে। ডেনমার্কের প্রধানমন্ত্রী কড়া ভাষায় বলেন, “ইউরোপকে ব্ল্যাকমেইল করা যাবে না।” অন্যদিকে সুইডেনের প্রধানমন্ত্রী মন্তব্য করে বলেন, মিত্ররা কোনো ধরনের ভয়ভীতির কাছে নতি স্বীকার করবে না।

এই প্রেক্ষাপটে ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, নরওয়ে, সুইডেন, নেদারল্যান্ডস, ফিনল্যান্ড ও যুক্তরাজ্য যৌথ বিবৃতি প্রকাশ করেছে। বিবৃতিতে বলা হয়, ট্রাম্পের শুল্ক হুমকি ট্রান্সআটলান্টিক সম্পর্কের অবনতি ঘটাচ্ছে এবং এসব দেশ সার্বভৌমত্ব, আন্তর্জাতিক আইন ও নীতিভিত্তিক কূটনীতি রক্ষায় একযোগে কাজ করবে।

শুধু কূটনৈতিক অঙ্গনেই নয়, এই ঘোষণার প্রভাব পড়েছে বিশ্ব অর্থনীতিতেও। ট্রাম্পের বক্তব্যের পর ইউরোপীয় শেয়ারবাজারে উল্লেখযোগ্য পতন দেখা গেছে। পুঁজিবাজার বিশ্লেষকরা আশঙ্কা প্রকাশ করে বলেন, এই উত্তেজনা দীর্ঘস্থায়ী হলে বৈশ্বিক বাণিজ্য ও বিনিয়োগে নেতিবাচক প্রভাব পড়তে পারে।

এরই মধ্যে ইউরোপীয় ইউনিয়ন পরিস্থিতি মোকাবিলায় জরুরি শীর্ষ সম্মেলনের ডাক দিয়েছে। সেখানে সম্ভাব্য প্রতিক্রিয়া ও এমন কিছু পদক্ষেপ নিয়ে আলোচনা হচ্ছে, যা আগে কখনো নেওয়া হয়নি বলে ইঙ্গিত দিয়েছেন সংশ্লিষ্টরা।

বিশ্লেষকদের মতে, এই বিতর্ক শুধু শুল্ক বা বাণিজ্য নীতির মধ্যে সীমাবদ্ধ নয়। এটি ন্যাটো জোটের ভবিষ্যৎ, আর্কটিক অঞ্চলের নিরাপত্তা, আন্তর্জাতিক আইন এবং রাষ্ট্রীয় সার্বভৌমত্বের জন্য একটি বড় পরীক্ষা। বিশ্ব নেতাদের একটি বড় অংশ মনে করছেন, মিত্র দেশগুলোর ওপর শুল্ক চাপিয়ে কোনো সমস্যার সমাধান সম্ভব নয়। বিশেষ করে যখন সেই সিদ্ধান্ত একটি ভূখণ্ডের ভবিষ্যৎ নিয়েও জড়িত।

বিশ্ব থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯