সৌদিয়া পরিবহনের সঙ্গে বিরোধের জেরে রাঙ্গামাটি–চট্টগ্রাম সড়কে হঠাৎ বাস চলাচল বন্ধ ঘোষণা করেছে চট্টগ্রাম–রাঙ্গামাটি মোটর মালিক সমিতি। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাঙ্গামাটি–ঢাকা রুটেও সব ধরনের পরিবহন চলাচল বন্ধ করে দেওয়া হয়। এর পাশাপাশি স্কুল ও কলেজগামী বাস চলাচলও স্থগিত হওয়ায় দুর্ভোগে পড়েছেন শিক্ষার্থী ও অভিভাবকেরা। সকাল থেকেই বিভিন্ন বাসস্ট্যান্ডে যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে দেখা যায়।
জানা যায়, গত ৩০ ডিসেম্বর থেকে রাঙ্গামাটি–ঢাকা রুটে সৌদিয়া পরিবহনের বাস সার্ভিস চালু হয়। সৌদিয়া পরিবহনের দাবি, জেলা প্রশাসন, বিআরটিএ এবং রাঙ্গামাটি–চট্টগ্রাম মোটর মালিক সমিতির অনুমতি নিয়েই তারা বাস চালু করেছিল। তবে বুধবার রাতে সমিতির কয়েকজন সদস্য সৌদিয়া পরিবহনের কাউন্টারে গিয়ে হামলা চালিয়ে তালা ঝুলিয়ে দেন বলে অভিযোগ ওঠে।
সৌদিয়া পরিবহনের পক্ষ থেকে আরও দাবি করা হয়, রাঙ্গামাটিতে জাতীয় একটি রাজনৈতিক দলের কয়েকজন নেতা তাদের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে পরিবহন চলাচল বন্ধ করে দেওয়া হয়। অন্যদিকে মোটর মালিক সমিতির বক্তব্য, কোনো চুক্তি ছাড়াই এবং অনুমতি না নিয়ে সৌদিয়া পরিবহন বাস চালু করায় তারা ওই সার্ভিস বন্ধ করে দিয়েছে।
মোটর মালিক সমিতি সূত্র জানায়, সৌদিয়া পরিবহনের সঙ্গে চলমান দ্বন্দ্বের কারণে দাবি আদায় না হওয়া পর্যন্ত পাহাড়িকা পরিবহনসহ রাঙ্গামাটি–চট্টগ্রাম ও রাঙ্গামাটি–ঢাকা রুটের সব বাস চলাচল বন্ধ থাকবে।
এদিকে আকস্মিকভাবে পরিবহন চলাচল বন্ধ হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা। তারা দ্রুত সমস্যার সমাধান করে সড়কে বাস চলাচল স্বাভাবিক করার দাবি জানান। তবে এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
