জামালপুরের সরিষাবাড়ী উপজেলার মানুষের ঢাকায় যাতায়াতের দীর্ঘদিনের ভোগান্তি নিরসনের দাবিতে মানববন্ধন ও রেলপথ অবরোধ কর্মসূচি পালন করেছে রেলওয়ে সংস্কার কমিটি। শুক্রবার বিকেলে সরিষাবাড়ী রেলওয়ে স্টেশনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় আন্তঃনগর জামালপুর এক্সপ্রেস ট্রেন প্রায় আধা ঘণ্টা অবরোধের মুখে পড়ে।
কর্মসূচিতে বক্তারা বলেন, বর্তমানে সরিষাবাড়ী–ময়মনসিংহ–ঢাকা রুটে যমুনা এক্সপ্রেস, অগ্নিবীণা এক্সপ্রেস ও জামালপুর এক্সপ্রেস—এই তিনটি আন্তঃনগর ট্রেন চলাচল করছে। তবে অগ্নিবীণা ও জামালপুর এক্সপ্রেসের সময়সূচি যাত্রীবান্ধব নয়। অল্প সময়ের ব্যবধানে ট্রেন দু’টি চলাচল করায় যাত্রী কমে যাচ্ছে এবং এতে রেলওয়ের লোকসানও বাড়ছে।
বক্তারা আরও জানান, ঢাকা থেকে ছেড়ে ট্রেনগুলো বিকেলে তারাকান্দি পৌঁছায় এবং ফিরতি যাত্রায় গভীর রাতে ঢাকায় পৌঁছায়। এতে যাত্রীদের ছিনতাইসহ নানা নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে হয়।
তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে—দুটি ট্রেনের যেকোনো একটির সময়সূচি পরিবর্তন করে ঢাকা থেকে রাতে ও জামালপুর থেকে ভোরে ছাড়ার ব্যবস্থা করা, জামালপুর এক্সপ্রেসকে আগের রুটে ফিরিয়ে যমুনা সেতু (পূর্ব) দিয়ে চলাচল নিশ্চিত করা, দীর্ঘদিন বন্ধ থাকা ধলেশ্বরী এক্সপ্রেস পুনরায় চালু করা এবং ট্রেনটি যমুনা সেতু (পশ্চিম) স্টেশন পর্যন্ত বর্ধিত করা। এসব দাবি বাস্তবায়িত হলে উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ আরও সহজ হবে বলে জানান তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন রেলওয়ে সংস্কার কমিটির আহ্বায়ক কবি ও সাংবাদিক জাকারিয়া জাহাঙ্গীর, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, সদস্য সচিব সোহানুর রহমান সোহানসহ রিফাতুজ্জামান রিফাত, ফরিদ সরকার ও নূর সরকার।
বক্তারা দাবি পূরণ না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
