কিশোরগঞ্জে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা এবং মসজিদের খুতবায় বিষয়টি তুলে ধরার আহ্বান জানিয়ে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে কিশোরগঞ্জ সদর উপজেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের হলরুমে আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক মো. আসলাম মোল্লা। তিনি বলেন, নির্বাচন কমিশন ও রাষ্ট্রের পক্ষ থেকে প্রয়োজনীয় সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় ফিরে যাওয়াই সাধারণ মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা, আর সেই লক্ষ্যেই জুলাই আন্দোলন সংঘটিত হয়েছিল।
ইসলামিক ফাউন্ডেশন কিশোরগঞ্জের উপপরিচালক আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে জেলা প্রশাসক আরও বলেন, আন্দোলনের সফলতার পর একটি জাতীয় সনদের কথা বলা হচ্ছে। এই সনদকে বৈধতা দিতে গণভোটে ‘হ্যাঁ’ ও ‘না’ ভোটের ব্যবস্থা রাখা হয়েছে। ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে রাষ্ট্র পুনরায় গণতান্ত্রিক ধারায় ফিরে যেতে পারবে।
তিনি আরও জানান, তফসিলে উল্লিখিত ৩০টি বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দল জুলাই সনদে ঐকমত্যে পৌঁছেছে। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের পাশাপাশি একই দিনে গণভোট অনুষ্ঠিত হবে।
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি নাসিম খান, অতিরিক্ত জেলা প্রশাসক মিজাবে রহমতসহ অন্যান্য অতিথিবৃন্দ। জেলার বিভিন্ন এলাকা থেকে আগত সাত শতাধিক ইমাম এ সম্মেলনে অংশগ্রহণ করেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
