সিলেট-৩ আসনে বিএনপির প্রার্থী ও দলটির চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ আব্দুল মালিক বলেছেন, তিনি উন্নয়ন ও মানুষের সেবাভিত্তিক রাজনীতিতে বিশ্বাস করেন। দল-মত কিংবা ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করাই তার মূল লক্ষ্য।
সিলেট দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত এক সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসা শেষে লন্ডন থেকে দেশে ফিরে জনগণের সেবায় আত্মনিয়োগের নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনা অনুসরণ করেই তিনি নিজেও মানুষের পাশে থেকে কাজ করার অঙ্গীকার করেছেন।
মোহাম্মদ আব্দুল মালিক বলেন, অতীতে বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি সরকার এবং প্রয়াত অর্থমন্ত্রী এম সাইফুর রহমান সিলেট অঞ্চলের ব্যাপক উন্নয়ন সাধন করেছেন। সেই ধারাবাহিকতা বজায় রেখে ভবিষ্যতে বিএনপি সরকার গঠিত হলে সিলেট-৩ আসনের রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল-কলেজ, মসজিদ-মাদ্রাসা, মন্দিরসহ সব ধর্মীয় ও সামাজিক স্থাপনার উন্নয়ন নিশ্চিত করা হবে।
তিনি জলালপুর ও বাংলাবাজার-বাঘমারা এলাকার রাস্তাঘাটের বেহাল অবস্থার কথা উল্লেখ করে বলেন, মানুষের দুর্ভোগ তাকে ব্যথিত করে। নির্বাচিত হলে অবহেলিত এলাকার সড়ক উন্নয়ন তার অন্যতম অগ্রাধিকার হবে।
তিনি আরও বলেন, দেশে ও প্রবাসে অবস্থানরত বিএনপির নেতাকর্মী ও সমর্থকেরা ধানের শীষ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধ। ইনশাআল্লাহ দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জসহ সারা দেশেই ধানের শীষের বিজয় নিশ্চিত হবে।
২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ, প্রচার সম্পাদক লোকমান আহমদ, বিএনপির উপদেষ্টা নুরুল আমীন দুলু, মোগলাবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি আফতাব উদ্দিন, সাধারণ সম্পাদক ফয়জুর রহমান বিলাল, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জামাল আহমদ, সাংগঠনিক সম্পাদক সাহেদ আহমদ চৌধুরী, যুবদলের নেতা মইনুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
