ঢাকা আন্তঃজেলা ‘চোর চক্রের’ অন্যতম প্রধান সদস্য এস এম বরকত উল্লাহ মিঠুকে আদালত কারাগারে পাঠিয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে শনিবার পল্টন থানা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় মিঠুর অবস্থান নিশ্চিত করে উত্তরায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মিঠু পালিয়ে যায়। পরে সোমবার তিনি আদালতে আত্মসমর্পণ করেন।
পুলিশ জানিয়েছে, মিঠু একজন পেশাদার অপরাধী এবং দেশের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ডিএমপির খিলগাঁও থানায় তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। নেত্রকোনা সদর থানায় চুরির মামলা, ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা ও ডিএমপির শেরেবাংলা নগর থানায়ও চুরির মামলা রয়েছে। এছাড়া তিনি একটি জাতীয় পত্রিকা থেকে ৮ লাখ টাকা আত্মসাৎ করেছেন বলে গত বছরের ২৮ অক্টোবর পল্টন থানায় মামলা দায়ের করা হয়।
পল্টন থানার তদন্তকারী কর্মকর্তা এস আই মাহফুজ আক্তার বলেন, মিঠুর বিষয়ে আরও গভীরভাবে তদন্ত চলছে এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
