খুলনার ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠে আয়োজিত বিশাল নির্বাচনী জনসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, ক্ষমতায় গেলে দেশের বন্ধ হয়ে যাওয়া শিল্পকারখানা পুনরায় চালু করা হবে এবং নতুন শিল্প স্থাপনের মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করা হবে। তিনি বলেন, যুব সমাজকে বেকার ভাতা দিয়ে অপমান নয়, বরং চাকরির সুযোগ দিয়ে সম্মানিত করাই জামায়াতের লক্ষ্য।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) খুলনা মহানগরী ও জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে অনুষ্ঠিত এ জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিগত সরকারের ভুল নীতি, দুর্নীতি ও লুটপাটের কারণে খুলনার শিল্প ও কৃষি খাত ধ্বংসের মুখে পড়েছে। জামায়াত রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বন্ধ মিল-কারখানা চালু করার পাশাপাশি নতুন নতুন শিল্পকারখানা স্থাপন করে যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।
ডা. শফিকুর রহমান বলেন, জুলাই বিপ্লবে যুব সমাজ যে ভূমিকা রেখেছে, তার প্রতি সম্মান জানাতেই আমরা তাদের হাতে কাজ তুলে দিতে চাই। কর্মসংস্থানের মাধ্যমেই তাদের প্রতি প্রকৃত সম্মান দেখানো সম্ভব।
নির্বাচনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও হানাহানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে সবাইকে ভোটের পাহারাদার হতে হবে। ভোট যার যেখানে ইচ্ছা সেখানে দেবে—এই অধিকার রক্ষাই আমাদের দায়িত্ব। তিনি ১৩ ফেব্রুয়ারি একটি সহিংসতামুক্ত ও অভিশাপমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, জামায়াত প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। অতীতের জুলুম-নির্যাতনের পরও দলের নেতাকর্মীরা ধৈর্য ও দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। এর মাধ্যমে জনগণ বুঝেছে, দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা কার হাতে নিরাপদ।
জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার চেষ্টা জনগণ আর মেনে নেবে না। আগামী নির্বাচনে জামায়াত ক্ষমতায় গেলে ডা. শফিকুর রহমানের নেতৃত্বে একটি মানবিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তোলা হবে।
এছাড়াও বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দামসহ ১১ দলীয় নির্বাচনী ঐক্যের বিভিন্ন দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। জনসভায় বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে সার্কিট হাউজ মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
