আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে নির্বাচনী উত্তাপ ক্রমেই বাড়ছে। প্রচারণার শুরু থেকে শেষ মুহূর্ত পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। পরিবর্তন, উন্নয়ন ও নতুন প্রত্যাশার বার্তাই এখন সবার প্রচারের মূল সুর।
এই আসনে মোট আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁদের মধ্যে মাত্র একজনের রয়েছে সংসদ সদস্য হওয়ার পূর্ব অভিজ্ঞতা, বাকি সাতজনই প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিচ্ছেন। তবে শুরু থেকেই জোরালো প্রচারণা ও জনসংযোগে এগিয়ে থাকায় তিন প্রার্থী আলোচনার কেন্দ্রে রয়েছেন।
প্রচারে দৃশ্যমান তিনজন হলেন— বিএনপি মনোনীত প্রার্থী মো. জালাল উদ্দীন (ধানের শীষ), জামায়াতে ইসলামী মনোনীত শফিকুল ইসলাম মোড়ল (দাঁড়িপাল্লা) এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা মুফতি আবুল বাশার রেজওয়ান (হাতপাখা)।
অন্য প্রার্থীরা হলেন— মো. শফিকুল ইসলাম (গণ অধিকার পরিষদ- ট্রাক), আনিসুজ্জামান খোকন (স্বতন্ত্র- ময়ূর), নুরুদ্দীন আহম্মেদ (স্বতন্ত্র- মোটরসাইকেল), বিল্লাল হোসেন (বিএনএফ- টেলিভিশন) এবং আফজাল হোসেন ভূইয়া (জাতীয় পার্টি- লাঙ্গল)।
স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আনিসুজ্জামান খোকন ১৯৭৯ সালে বিএনপির প্রার্থী হিসেবে ময়মনসিংহ-১৯ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ব্যক্তিগত সহকারী সেক্রেটারি হিসেবেও দায়িত্ব পালন করেন। অন্য কোনো প্রার্থীর সংসদ সদস্য হওয়ার অভিজ্ঞতা নেই।
এ আসনে বিএনপির অভ্যন্তরীণ দলীয় কোন্দল না থাকায় দলীয়ভাবে ঐক্যবদ্ধ সমর্থন পাচ্ছেন বিএনপি প্রার্থী মো. জালাল উদ্দীন। কটিয়াদী ও পাকুন্দিয়া— দুই উপজেলাতেই বিএনপির শীর্ষ নেতারা নিয়মিত গণসংযোগ ও প্রচার মিছিলে অংশ নিচ্ছেন। ত্যাগী ও পরিচ্ছন্ন ভাবমূর্তির কারণে দলের নেতাকর্মীদের মধ্যেও তাঁর গ্রহণযোগ্যতা বেশ শক্ত।
ভোট বিভক্তির সম্ভাবনা নিয়ে প্রশ্নের জবাবে মো. জালাল উদ্দীন বলেন,
“আমি কাউকে হালকাভাবে নিচ্ছি না। নির্বাচন কঠিন হবে ধরে নিয়েই দিনরাত মাঠে কাজ করছি। ভোটের বিভক্তি নিয়ে মন্তব্য করতে চাই না।”
তিনি আরও বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের উন্নয়নে সুস্পষ্ট পরিকল্পনা দিয়েছেন। ইনশাআল্লাহ জনগণ পরিবর্তনের পক্ষেই রায় দেবে।”
অন্যদিকে জামায়াত-এনসিপিসহ ১০ দলীয় জোটের প্রার্থী শফিকুল ইসলাম মোড়লও সমানতালে প্রচার চালাচ্ছেন। এনসিপি ও বাংলাদেশ খেলাফত মজলিসের সমর্থনে তাঁর প্রচারণা আরও গতি পেয়েছে। কটিয়াদী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হওয়ায় ভোটারদের মধ্যে তাঁর পরিচিতি ও গ্রহণযোগ্যতাও উল্লেখযোগ্য।
এক পথসভায় শফিকুল ইসলাম মোড়ল বলেন,
“আমি নির্বাচিত হলে দুর্নীতি ও অনিয়ম বন্ধ করবো। সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা করাই আমার অঙ্গীকার। জনগণ আজ পরিবর্তনের পক্ষে।”
এদিকে ১০ দলীয় রাজনৈতিক সমঝোতা থেকে সরে এসে এককভাবে নির্বাচনে অংশ নিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির প্রার্থী মাওলানা মুফতি আবুল বাশার রেজওয়ান করোনা মহামারি ও দুর্যোগকালে মানবিক কাজের মাধ্যমে পরিচিতি লাভ করেন। দলীয় সংগঠনের দীর্ঘদিনের কার্যক্রমের কারণে তাঁর পক্ষে গ্রামভিত্তিক প্রচারণাও চোখে পড়ছে।
তিনি বলেন,
“ইসলামী আদর্শ বাস্তবায়নের লক্ষ্যেই আমরা রাজনীতি করি। ইসলাম, দেশ ও জনগণের স্বার্থ ছাড়া আমাদের অন্য কোনো লক্ষ্য নেই। সচেতন মানুষ আমাদের পাশে দাঁড়াচ্ছে।”
উল্লেখ্য, কিশোরগঞ্জ-২ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৩২ হাজার ৫১৬ জন। এখানে ১৭০টি ভোটকেন্দ্র ও ৯৮৮টি ভোটকক্ষ রয়েছে, যার মধ্যে ৫১টি অস্থায়ী।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
