আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সদর দপ্তর বিজিবির নির্দেশনায় সরাইল রিজিয়ন অর্পিত দায়িত্ব পালনে সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে। একটি পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও নিরপেক্ষ বাহিনী হিসেবে নির্বাচনকালীন সময়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, আইনশৃঙ্খলা রক্ষা এবং জনগণের ভোটাধিকার সুরক্ষায় বিজিবি সক্রিয় ভূমিকা পালন করবে।
নির্বাচন উপলক্ষে সরাইল রিজিয়নের অধীন ১ হাজার ২০৪ কিলোমিটার সীমান্তজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এর মধ্যে সিলেট সেক্টরের আওতাধীন ৩০২ কিলোমিটার সীমান্ত এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় যাতে কোনো ধরনের চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচার কিংবা অন্য কোনো সীমান্ত সংশ্লিষ্ট অপরাধ সংঘটিত হয়ে নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত করতে না পারে, সে লক্ষ্যে বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও তৎপরতার সঙ্গে দায়িত্ব পালন করছে। সীমান্তে টহল, নজরদারি ও গোয়েন্দা কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।
আগামী ১ ফেব্রুয়ারি ২০২৬ থেকে সরাইল রিজিয়ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পূর্ণমাত্রায় মোতায়েন থাকবে এবং নির্বাচন সংশ্লিষ্ট সকল দায়িত্ব সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে পালন করবে।
৮১ রিজিয়ন সদর দপ্তরের অধীন ৪টি সেক্টর ও ১৩টি ব্যাটালিয়নের মাধ্যমে ১৭টি জেলার ৯২টি সংসদীয় আসনে মোট ৩৩০টি প্লাটুনে প্রায় ৬ হাজার ৬০০ জন বিজিবি সদস্য মোতায়েন থাকবে। এর মধ্যে সিলেট বিভাগে সিলেট ও শ্রীমঙ্গল সেক্টরের অধীনে সর্বমোট ৯০টি প্লাটুনে ২ হাজার ১০০ জন বিজিবি সদস্য দায়িত্ব পালন করবেন।
সিলেট সেক্টরের আওতায় বিজিবি সদস্যরা ২টি জেলার ১০টি সংসদীয় আসনে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যৌথভাবে নিরাপত্তার দায়িত্ব পালন করবেন। এছাড়া সীমান্তবর্তী ৬টি উপজেলায়—সুনামগঞ্জ সদর, তাহিরপুর, বিশ্বম্ভরপুর, গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও জকিগঞ্জে এককভাবে নির্বাচনী দায়িত্ব পালন করবে বিজিবি। অপরদিকে সীমান্তবর্তী আরও ৫টি উপজেলায় সেনাবাহিনীর সঙ্গে যৌথভাবে এবং অন্যান্য ১২টি উপজেলায় অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করা হবে।
ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির কেএন-৯ (K-9) ইউনিটের ৪টি প্রশিক্ষিত ডগ মোতায়েন থাকবে। মোতায়েনকৃত সদস্যরা উপজেলা ভিত্তিক বেইজ ক্যাম্পে অবস্থান করে দায়িত্ব পালন করবেন।
সরাইল রিজিয়ন থেকে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত প্রতিটি সদস্যকে ইতোমধ্যে রায়ট কন্ট্রোল প্রশিক্ষণ প্রদান করা হয়েছে এবং প্রয়োজনীয় মহড়া সম্পন্ন করা হয়েছে। ফলে সদস্যরা প্রয়োজনীয় সরঞ্জামসহ নির্বাচনী দায়িত্ব পালনে পেশাগতভাবে প্রস্তুত, আত্মবিশ্বাসী ও শৃঙ্খলাবদ্ধ।
ঝুঁকি বিবেচনায় রিজিয়নের দায়িত্বপূর্ণ ৯২টি সংসদীয় আসনেই বিজিবি মোতায়েন থাকবে। উপজেলা ভেদে প্রতিটি উপজেলায় ২ থেকে ৪টি প্লাটুন দায়িত্ব পালন করবে। পাশাপাশি নির্বাচনী এলাকায় ড্রোনের মাধ্যমে সার্ভেইল্যান্স কার্যক্রম পরিচালনা করা হবে। পরিস্থিতি মোকাবেলায় বিজিবিতে নতুনভাবে সংযোজিত ৬৫৪টি নন-লেথাল অস্ত্র ব্যবহারের প্রশিক্ষণ ও প্রস্তুতিও সম্পন্ন রয়েছে। যেকোনো জরুরি পরিস্থিতিতে এপিসিসহ বিজিবির কুইক রেসপন্স ফোর্স (কিউআরএফ) সর্বদা প্রস্তুত থাকবে।
বর্ডার গার্ড বাংলাদেশ দৃঢ়ভাবে বিশ্বাস করে, সরকার, নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জনগণের সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। দেশের জনগণের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিজিবি সংবিধান ও আইনের আলোকে তার দায়িত্ব পালন অব্যাহত রাখবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
