ময়মনসিংহ কারাগার থেকে অসাধু কারা সদস্যদের সহায়তায় মুক্ত হয়ে পালিয়ে যাওয়া একটি হত্যা মামলার তিন আসামিকে পুনরায় গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার রাতের অভিযানে পার্শ্ববর্তী জেলা টাঙ্গাইল থেকে তাদের আটক করা হয়।
শুক্রবার দুপুরে র্যাব-১৪-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নয়মুল হাসান জানান, তারাকান্দা উপজেলায় সংঘটিত একটি হত্যা মামলায় গত ২৩ জানুয়ারি মধ্যতারাটি গ্রামের হযরত আলীর তিন ছেলে—আনিছ, রাশেদুল ও জাকিরুলকে গ্রেপ্তার করে র্যাব। পরবর্তীতে পুলিশের মাধ্যমে তাদের ময়মনসিংহ কারাগারে পাঠানো হয়।
তিনি আরও জানান, গত ২৭ জানুয়ারি কারা কর্তৃপক্ষের কয়েকজন অসাধু সদস্যের যোগসাজশে ভুল তথ্যের ভিত্তিতে ওই তিন আসামি কারাগার থেকে মুক্ত হয়ে পালিয়ে যায়। বিষয়টি র্যাবের নজরে আসার পর তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করে টাঙ্গাইল থেকে তাদের পুনরায় গ্রেপ্তার করা হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
