আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার উত্তর কুশিয়ারার সকল ওয়ার্ডে বিএনপির উদ্যোগে নির্বাচনী জনসংযোগ, পথসভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সিলেট-৩ আসনের বিএনপি প্রার্থী এম এ মালিক এলাকার মানুষদের কাছে দোয়া ও ভোট প্রার্থনা করেন। নির্বাচিত হলে এলাকার ব্যাপক উন্নয়নের প্রতিশ্রুতিও দেন তিনি।
এম এ মালিক বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারি জনগণ দীর্ঘ ১৫ বছরের পর তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছে। আমি এখানে দীর্ঘ বক্তব্য দিতে আসিনি, আপনাদের দোয়া নিতে এসেছি। আমি রাস্তাঘাট, স্বাস্থ্যসেবা, হাসপাতাল ও স্থানীয় অন্যান্য সমস্যার সমাধানে আন্তরিকভাবে কাজ করতে চাই।”
তিনি আরও বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে আমি প্রবাসী জীবন ছেড়ে দেশে ফিরেছি। প্রবাসীদের পাঠানো রেমিটেন্সই দেশের অর্থনীতির বড় শক্তি, যা কাজে লাগিয়ে এলাকার টেকসই উন্নয়ন সম্ভব।” নির্বাচিত হলে যৌক্তিক সব দাবির বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। সভার শেষ ভাগে নারীদের ও প্রবীণদের দোয়া কামনা করেন এবং উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সভায় উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ওয়াহিদুজ্জামান চৌধুরী সুফি, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, উপজেলা সহসভাপতি মোয়াজ্জেম হোসেন সাহেদ, ইউনিয়ন সভাপতি ও সাধারণ সম্পাদক, চেয়ারম্যান জিলু মিয়া, প্রাদেশিক ও প্রবাসী নেতৃবৃন্দসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও বিপুল সংখ্যক সমর্থক।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
