ঢাকা, ২৭ জুলাই ২০২৬, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সিলেট উন্নয়নে ১১ দফা ইশতেহার ঘোষণা খন্দকার মুক্তাদিরের

রাজনীতি | বিলকিস আক্তার সুমি|ব্যুরো প্রধান |সিলেট

(৫ মাস আগে) ৪ ফেব্রুয়ারি ২০২৬, বুধবার, ৯:১০ অপরাহ্ন

banglahour

সিলেট মহানগর ও সদর উপজেলার সার্বিক উন্নয়নের লক্ষ্যে ১১ দফা অঙ্গীকার ও বাস্তবায়ন পরিকল্পনা তুলে ধরে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন সিলেট-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির। নগরীর কাজিটুলাস্থ তার প্রধান নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ‘কর্মসংস্থান, মানবিক উন্নয়ন ও টেকসই নগরায়নের রোডম্যাপ’ শীর্ষক এ ইশতেহার উপস্থাপন করেন তিনি।

ইশতেহারে সিলেটের উন্নয়ন কার্যক্রম তদারকি ও পরিকল্পনায় দেশের ও প্রবাসের বিশেষজ্ঞদের সমন্বয়ে ‘আকাঙ্ক্ষার সিলেট’ নামে একটি উচ্চপর্যায়ের পরামর্শক কমিটি গঠনের আশ্বাস দেন মুক্তাদির। তিনি বলেন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, শিল্প, যোগাযোগ, পর্যটন ও ব্যবসা–বাণিজ্যসহ গুরুত্বপূর্ণ খাতগুলোর সমস্যা ও সম্ভাবনা চিহ্নিত করে সমন্বিত উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হবে।

কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে তিনি শ্রমঘন শিল্প স্থাপন, আইটি ও ইনোভেশন হাব গড়ে তোলা, তরুণদের জন্য ওয়েব ডিজাইন, গ্রাফিক্স, ডিজিটাল মার্কেটিং ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ চালুর ঘোষণা দেন। পাশাপাশি ‘ওয়ান স্টপ ক্যারিয়ার অ্যান্ড জব সেন্টার’ চালু, স্টার্টআপ ফান্ড, ভেঞ্চার ক্যাপিটাল ও সহজ শর্তে ঋণের উদ্যোগ নেওয়ার কথাও উল্লেখ করেন।

বৈদেশিক বিনিয়োগ আকর্ষণে প্রবাসী উদ্যোক্তাদের নিয়ে ইনভেস্টমেন্ট অ্যাডভাইজরি বোর্ড গঠন এবং সিলেটকে আন্তর্জাতিক ডেন্টাল ট্যুরিজম হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনাও ইশতেহারে স্থান পায়। কৃষি খাতে পানি নিষ্কাশন ও সেচব্যবস্থা উন্নয়ন, আধুনিক মৎস্যচাষ, এগ্রো-প্রসেসিং ইউনিট ও কোল্ড স্টোরেজ স্থাপনের প্রতিশ্রুতি দেন তিনি।

সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণে নৃ-গোষ্ঠীর স্থাপত্য রক্ষণাবেক্ষণ, লোকসংগীত উৎসব আয়োজন ও নারীবান্ধব পর্যটন জোন গড়ে তোলার পরিকল্পনা তুলে ধরা হয়। একই সঙ্গে চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন, নারীদের জন্য পাবলিক টয়লেট, ডে-কেয়ার সেন্টার, নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ সহায়তা ও নিরাপদ গণপরিবহন চালুর বিষয়ও ইশতেহারে উল্লেখ করা হয়।

স্বাস্থ্যখাতে কমিউনিটি ক্লিনিক শক্তিশালীকরণ, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সক্ষমতা বৃদ্ধি, শাহপরান হাসপাতাল আধুনিকায়ন এবং ২৫০ শয্যার সদর হাসপাতাল পূর্ণাঙ্গভাবে চালুর অঙ্গীকার করেন মুক্তাদির। শিক্ষা খাতে জবাবদিহিতা বৃদ্ধি, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য অন্তর্ভুক্তিমূলক ডে-কেয়ার এবং দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের কথাও বলেন তিনি।

নগর উন্নয়নে জলাবদ্ধতা নিরসন, খাল পুনরুদ্ধার, বৃক্ষরোপণ কর্মসূচি, খেলাধুলার মাঠ ও ইনডোর স্পোর্টস সুবিধা নির্মাণ, সড়ক-রেল-বিমান যোগাযোগ আধুনিকায়ন, যানজট নিরসনে মাল্টিলেভেল পার্কিং ও গণপরিবহন ব্যবস্থার উন্নয়নের পরিকল্পনা তুলে ধরা হয়। পাশাপাশি কিশোর গ্যাং, মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে বিশেষ টাস্কফোর্স গঠন এবং সামাজিক নিরাপত্তা জোরদারের প্রতিশ্রুতিও দেন তিনি।

সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯