বাগেরহাটের চাঞ্চল্যকর সাবেক ছাত্রদল নেতা ও এপিপি অ্যাডভোকেট নিজাম উদ্দিন শান্ত হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। চাঞ্চল্যকর এই হত্যার ঘটনার মাত্র ৫০ ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিসহ চারজনকে আটক করেছে বাগেরহাট জেলা পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় জেলা পুলিশের বিভিন্ন ইউনিট অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়।
আজ ২৭ জুলাই সোমবার বিকেল ৩টায় বাগেরহাট জেলা পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার এই চাঞ্চল্যকর তথ্য গণমাধ্যমকে জানান।
পুলিশ সূত্রে জানা যায়, আটককৃতদের মধ্যে একজন হত্যাকাণ্ডের ঠিক আগ মুহূর্ত থেকেই নিহত শান্তর সঙ্গে একই মোটরসাইকেলে অবস্থান করছিলেন। আটককৃত সবার বাড়ি বাগেরহাট সদর উপজেলার মির্জাপুর এলাকায়। তবে পুলিশ তদন্তের স্বার্থে তাৎক্ষণিকভাবে তাদের নাম প্রকাশ করেনি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৫ জুলাই (শনিবার) গভীর রাতে চেম্বার থেকে বাড়ি ফেরার পথে বাগেরহাট শহরের হাড়িখালী তেঁতুলতলা এলাকায় একদল দুর্বৃত্ত অ্যাডভোকেট নিজাম উদ্দিন শান্তর মোটরসাইকেলের গতি রোধ করে। এরপর দুর্বৃত্তরা তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে রাস্তায় ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ খবর পেয়ে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বাগেরহাট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, এই নির্মম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গত ২৬ জুলাই রবিবার বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেন বাগেরহাট জেলা আইনজীবী সমিতির সদস্যরা।
পুলিশ সুপার প্রেস ব্রিফিংয়ে জানান, আধুনিক তথ্যপ্রযুক্তির ব্যবহার ও নিবিড় অনুসন্ধানের মাধ্যমেই এই হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা সম্ভব হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং এই হত্যাকাণ্ডের পেছনের মূল রহস্য ও অন্য কোনো ইন্ধনদাতা রয়েছে কিনা তা খতিয়ে দেখতে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
