ঢাকা, ২৭ জুলাই ২০২৬, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

নির্বাচন শুধু জনপ্রতিনিধি বাছাই নয়, দেশ পুনর্গঠনের সুযোগ: তারেক রহমান

রাজনীতি | শাহরিয়ার রহমান । স্টাফ রিপোর্টার

(৫ মাস আগে) ৭ ফেব্রুয়ারি ২০২৬, শনিবার, ৬:৩৯ অপরাহ্ন

banglahour

আগামী জাতীয় নির্বাচন শুধু জনপ্রতিনিধি নির্বাচনের বিষয় নয়, বরং এটি দেশ পুনর্গঠনের একটি ঐতিহাসিক সুযোগ এমন মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার দুপুরে ঠাকুরগাঁওয়ে অনুষ্ঠিত এক নির্বাচনী সমাবেশে তিনি বলেন, ভেদাভেদ ভুলে সবাইকে সঙ্গে নিয়ে আগামীর বাংলাদেশ গড়ে তোলা হবে।

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে প্রায় দুই যুগ পর ঠাকুরগাঁওয়ে আসেন বিএনপির চেয়ারম্যান। বেলা পৌনে বারোটায় পৌর শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি।

সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকেই জেলার পাঁচ উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হন। সময়ের সঙ্গে সঙ্গে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে মাঠ। পুরো পৌর শহর জুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় বিএনপি নেতাকর্মীদের পদচারণায়।

প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, দীর্ঘ ১৫ বছর পর দেশের মানুষের ভোটাধিকার ও মৌলিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার একটি বাস্তব সুযোগ তৈরি হয়েছে। আসন্ন নির্বাচন সেই অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের সূচনা করবে।

তিনি বলেন, প্রান্তিক মানুষের ভাগ্য পরিবর্তনে শুধু ফ্যামিলি কার্ড বা কৃষক কার্ড যথেষ্ট নয়; প্রয়োজন বাস্তবভিত্তিক অর্থনৈতিক উদ্যোগ। এ সময় ক্ষুদ্র ঋণ মওকুফের ঘোষণাও দেন বিএনপির চেয়ারম্যান।

উত্তর জনপদের উন্নয়নে বিএনপির পরিকল্পনার কথা তুলে ধরে তারেক রহমান জানান, ঠাকুরগাঁওয়ে বিমানবন্দর চালু, একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, আধুনিক হিমাগার নির্মাণ এবং কৃষিনির্ভর শিল্প স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। এতে করে কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত হওয়ার পাশাপাশি কর্মসংস্থান বাড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, বিএনপি কখনো দেশের মানুষকে ছেড়ে যায়নি। আগামীর বাংলাদেশ বিনির্মাণে জনগণের সমর্থন ও ধানের শীষ প্রতীকে ভোট চান দলটির চেয়ারম্যান।

ঠাকুরগাঁওয়ের সমাবেশ শেষে নীলফামারী ও দিনাজপুরে পৃথক নির্বাচনী সভায় যোগ দেন তারেক রহমান। সেখানে দলীয় প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে বিএনপির উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে ভোট প্রার্থনা করেন তিনি।

দলীয় নেতাকর্মীদের মতে, দীর্ঘদিনের বঞ্চনা ও অবহেলার অবসান ঘটাতে উত্তর জনপদের মানুষ তারেক রহমানের ওপরই আস্থা রাখছেন। এই আস্থা ধরে রেখে সব ধরনের চক্রান্ত মোকাবিলা করে আগামী নির্বাচনে বিজয় অর্জনই বিএনপির একমাত্র লক্ষ্য।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯