ঢাকা, ২৭ জুলাই ২০২৬, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

নারীদের অসম্মান করেছেন জামায়াত আমির—শিরীন

রাজনীতি | মো.মিজানুর রহমান|জেলা প্রতিনিধি|পিরোজপুর

(৫ মাস আগে) ৮ ফেব্রুয়ারি ২০২৬, রবিবার, ৮:৫৪ অপরাহ্ন

banglahour

ইসলাম নারীদের সর্বোচ্চ মর্যাদা দিলেও জামায়াতের আমির নারীদের অবমাননাকর মন্তব্য করে অসম্মান করেছেন বলে অভিযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরীন। শনিবার সন্ধ্যায় পিরোজপুরের ইন্দুরকানী সরকারি ডিগ্রি কলেজ মাঠে বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিরীন বলেন, জামায়াত বাংলাদেশের স্বাধীনতার চেতনাকে বিশ্বাস করে না। তাঁর ভাষায়, “জামায়াত মানেই পাকিস্তানি ও তালেবানি ধ্যানধারণা।” তিনি অভিযোগ করেন, ১৯৭১ সালে তারা রাজাকার হিসেবে কাজ করেছে, পরবর্তী সময় বিভিন্ন সহিংস কর্মকাণ্ডে জড়িয়েছে এবং সাম্প্রতিক সময়ে ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এসব থেকে দেশবাসীকে সতর্ক থেকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশের উন্নয়ন ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছেন। বিএনপি ক্ষমতায় এলে সেই কর্মসূচি বাস্তবায়ন করা হবে বলেও আশ্বাস দেন তিনি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য উপস্থিত জনতার প্রতি আহ্বান জানান শিরীন।

সভায় পিরোজপুর-১ আসনে ধানের শীষের প্রার্থী আলমগীর হোসেন বলেন, জনগণের ভোটে সংসদ সদস্য নির্বাচিত হলে অবহেলিত ইন্দুরকানী উপজেলাকে আধুনিকভাবে গড়ে তোলা হবে এবং চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত এলাকা হিসেবে প্রতিষ্ঠা করা হবে। তিনি প্রতিশ্রুতি দেন, সাধারণ মানুষের কষ্টার্জিত অর্থ যেন আর কোনো লুটেরার হাতে না যায়, সে বিষয়ে কঠোর অবস্থান নেওয়া হবে।

এ সময় তিনি স্বাস্থ্য ও শিক্ষা খাতের উন্নয়ন, কৃষি খাতে খাল খনন কর্মসূচি বাস্তবায়ন এবং কৃষকদের জন্য সহজ শর্তে সুদমুক্ত ঋণের ব্যবস্থার কথাও তুলে ধরেন।

উপজেলা বিএনপির সভাপতি মো. ফরিদ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক মো. নজরুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত, সাবেক সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, সাবেক সদস্য আবুল কালাম আকন এবং কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম দুলাল।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯