ঢাকা, ৩০ মে ২০২৬, শনিবার, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

পারমাণবিক আলোচনার মূল নীতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে ইরান

বিশ্ব | তাহিরুল ইসলাম। বিশেষ প্রতিনিধি। ঢাকা।

(৩ মাস আগে) ১৮ ফেব্রুয়ারি ২০২৬, বুধবার, ১০:০৬ অপরাহ্ন

banglahour

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে ‘মূল নীতিগুলো’ বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর কথা জানিয়েছে তেহরান। জেনেভায় পরোক্ষ আলোচনার সাইডলাইনে জাতিসংঘের এক অনুষ্ঠানে এ তথ্য জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

তিনি বলেন, মূল নীতিগুলো নিয়ে একটি সমঝোতা হয়েছে, তবে এ সংক্রান্ত আরও কারিগরি কাজ এখনো বাকি রয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রও আলোচনায় ‘অগ্রগতি হয়েছে’ বলে মন্তব্য করেছে।

এই সংলাপে মধ্যস্থতাকারী দেশ ওমান-এর পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদি জানান, ইতিবাচক অগ্রগতি নিয়েই আলোচনা শেষ হয়েছে। তিনি বলেন, এতে কারিগরি বিষয়গুলোর পাশাপাশি ভবিষ্যৎ করণীয় সম্পর্কেও স্পষ্ট ধারণা তৈরি হয়েছে।

ইরানের পারমাণবিক কর্মসূচি এবং সাম্প্রতিক সরকারবিরোধী বিক্ষোভে প্রাণঘাতী দমন অভিযানের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার হুমকির মধ্যেই এবারের আলোচনা অনুষ্ঠিত হলো। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার বিশ্বাস ইরান একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী।

যুক্তরাষ্ট্র ও তার ইউরোপীয় মিত্ররা দীর্ঘদিন ধরে সন্দেহ প্রকাশ করে আসছে যে ইরান পারমাণবিক অস্ত্র উৎপাদনের পথে এগোচ্ছে। তবে তেহরান বরাবরই এ অভিযোগ অস্বীকার করে বলেছে, তাদের পরমাণু কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ ও বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত।

মঙ্গলবার সুইজারল্যান্ডে ওমানের রাষ্ট্রদূতের বাসভবনে অনুষ্ঠিত আলোচনার আগে ইরান জানায়, তারা তাদের পারমাণবিক কর্মসূচি এবং যুক্তরাষ্ট্র আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টিকে অগ্রাধিকার দেবে।

অন্যদিকে ওয়াশিংটন ইঙ্গিত দিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র উন্নয়ন কর্মসূচিসহ অন্যান্য আঞ্চলিক ইস্যুও আলোচনায় অন্তর্ভুক্ত করতে চায় যুক্তরাষ্ট্র।

বিশ্লেষকদের মতে, মূল নীতিতে সমঝোতা হলেও একটি পূর্ণাঙ্গ চুক্তিতে পৌঁছাতে এখনও সময় ও জটিল আলোচনা প্রয়োজন হতে পারে।

বিশ্ব থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯