যুক্তরাজ্য-এ প্রবেশের ক্ষেত্রে দ্বৈত নাগরিকদের জন্য বড় ধরনের নীতিগত পরিবর্তন কার্যকর হতে যাচ্ছে আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে। নতুন এই নিয়মে বহু দ্বৈত নাগরিকের মধ্যে আতঙ্ক, বিভ্রান্তি ও ক্ষোভ দেখা দিয়েছে। দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে বসবাস করলেও নতুন বিধান কার্যকর হলে অনেকেই দেশে ফিরতে পারবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বর্তমান নিয়ম অনুযায়ী, ব্রিটিশ দ্বৈত নাগরিকরা যদি এমন কোনো দেশের নাগরিক হন, যার জন্য যুক্তরাজ্যের ভিসা প্রয়োজন হয় না, তাহলে তারা বিদেশি পাসপোর্ট ব্যবহার করেই ভ্রমণ করতে পারেন। তবে ২৫ ফেব্রুয়ারির পর থেকে তাদের অবশ্যই ব্রিটিশ পাসপোর্ট অথবা দ্বিতীয় জাতীয়তার পাসপোর্টের সঙ্গে যুক্ত ‘সার্টিফিকেট অব এনটাইটেলমেন্ট’-এর নতুন ডিজিটাল সংস্করণ প্রদর্শন করতে হবে। এ দুটির কোনোটি না থাকলে যুক্তরাজ্যে প্রবেশের অনুমতি নাও মিলতে পারে।
ব্রিটিশ পাসপোর্ট বা সার্টিফিকেট অব এনটাইটেলমেন্ট নাগরিকত্ব অর্জনের সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে দেওয়া হয় না। ফলে বহু দ্বৈত নাগরিক, যারা বছরের পর বছর যুক্তরাজ্যে বসবাস করছেন, তারা এসব নথির জন্য আবেদন করেননি। নতুন করে আবেদন করতে কয়েক সপ্তাহ সময় লাগে এবং খরচও কম নয়। একজন প্রাপ্তবয়স্কের ব্রিটিশ পাসপোর্টের খরচ প্রায় ১০০ পাউন্ড (প্রায় ১৬ হাজার ৫৮৫ টাকা) এবং সার্টিফিকেট অব এনটাইটেলমেন্টের জন্য ৫৮৯ পাউন্ড (প্রায় ১ লাখ টাকা)।
এই পরিবর্তন চলতি মাসে চালু হওয়া ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ইটিএ) ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত। নতুন ব্যবস্থায় যেসব দর্শনার্থীর ভিসা প্রয়োজন নেই, তাদের ১৬ পাউন্ড ফি দিয়ে আগাম প্রবেশ অনুমতির জন্য আবেদন করতে হবে। ভবিষ্যতে এ ফি ২০ পাউন্ডে উন্নীত করার পরিকল্পনার কথাও জানিয়েছে সরকার। তবে দ্বৈত নাগরিকরা ইটিএর জন্য আবেদন করতে পারবেন না তাদের ওপর নতুন নথি সংক্রান্ত শর্তই প্রযোজ্য হবে।
আয়ারল্যান্ডের পাসপোর্টধারীদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয়। তবে ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য দেশের নাগরিকরা এর আওতায় পড়বেন। ২০২১ সালের সর্বশেষ আদমশুমারি অনুযায়ী, যুক্তরাজ্যে জন্ম নেওয়া বাসিন্দাদের ১ দশমিক ২ শতাংশ (৫ লাখ ৮৭ হাজার ৬০০ জন) এবং যুক্তরাজ্যের বাইরে জন্ম নেওয়া বাসিন্দাদের ৬ দশমিক ৫ শতাংশ (৬ লাখ ৪৮ হাজার ৭০০ জন) যুক্তরাজ্য-অন্যান্য দেশের দ্বৈত নাগরিক। সরকারের দাবি, এই সংস্কারের মাধ্যমে যুক্তরাজ্যের অভিবাসন ব্যবস্থা যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার মতো দেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা হয়েছে। তবে সমালোচকদের অভিযোগ, যথাযথ প্রচার না থাকায় অনেকেই শেষ মুহূর্তে নতুন নথির জন্য আবেদন করতে বাধ্য হচ্ছেন।
লাটভিয়ায় জন্ম নেওয়া জেলেনা, যিনি গত নভেম্বরে ব্রিটিশ নাগরিকত্ব লাভ করেন, বলেন নতুন নিয়মের কারণে তিনি দক্ষিণ আমেরিকা সফর শেষে গ্লাসগোতে নিজের বাসায় ফিরতে পারবেন কি না তা নিয়ে শঙ্কায় আছেন। তার ভাষায়, “আমি এই দেশের অংশ হতে চেয়েছি, অথচ এখন মনে হচ্ছে আমাকে দেশছাড়া করা হচ্ছে। চার দশক ধরে যুক্তরাজ্যে বসবাসরত যুক্তরাজ্য-জার্মান দ্বৈত নাগরিক পেট্রা গার্টজেনও ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন, আগে কোনো বড় ঘোষণা ছাড়াই নিয়ম পরিবর্তন করা হয়েছে। বর্তমানে স্পেন থেকে পাসপোর্টের জন্য আবেদন করতে গিয়ে নানাবিধ জটিলতার মুখে পড়েছেন তিনি। অন্যদিকে সুইস দ্বৈত নাগরিক শন ওয়েস্ট জানান, নতুন শর্তের কারণে তিনি ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগের কথাও ভাবছেন। তার মতে, স্বল্পমেয়াদে ভ্রমণের জন্য ইটিএ নেওয়াই সহজ হতে পারে।
ইইউ নাগরিকদের প্রতিনিধিত্বকারী সংগঠন ‘দ্য থ্রিমিলিয়ন’ এই সিদ্ধান্তের সমালোচনা করে বলেছে, প্রভাবিত নাগরিকদের যথাযথভাবে সতর্ক করতে হোম অফিস পর্যাপ্ত পদক্ষেপ নেয়নি। তারা ভ্রমণ পরিকল্পনা ব্যাহত হওয়া ব্যক্তিদের জন্য অস্থায়ী ও স্বল্পমূল্যের সমাধান দেওয়ার আহ্বান জানিয়েছে।তবে ব্রিটিশ হোম অফিসের এক মুখপাত্র বলেন, ২০২৪ সালের অক্টোবর থেকেই এ বিষয়ে তথ্য উন্মুক্ত রয়েছে এবং ২০২৩ সাল থেকে ইটিএ চালু নিয়ে ব্যাপক প্রচার চালানো হয়েছে। তার ভাষায়, “অন্য নাগরিকত্ব যাই থাকুক না কেন, এই শর্ত সব ব্রিটিশ নাগরিকের জন্য প্রযোজ্য।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
