পবিত্র মাহে রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর স্থিতিশীল রাখতে বিশেষ মনিটরিং কার্যক্রম শুরু করেছে ময়মনসিংহ জেলা প্রশাসন। সরকারের নির্দেশনায় জেলার বিভিন্ন বাজারে প্রশাসনের নজরদারি জোরদার করা হয়েছে।
বিকেলে নগরীর মেছুয়া বাজারে মনিটরিং কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক সাইফুর রহমান। এ সময় তিনি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, কৃত্রিম সংকট সৃষ্টি না করা এবং রমজানে প্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার বিষয়ে ব্যবসায়ীদের পরামর্শ দেন।
মনিটরিং কার্যক্রমে পুলিশ সুপার মিজানুর রহমানসহ বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক বলেন, মানুষ যাতে কষ্টে না পড়েন সে জন্য সরকারের নির্দেশনা অনুযায়ী প্রশাসন কাজ করছে। কোনো অবস্থাতেই সিন্ডিকেট গড়ে উঠতে দেওয়া হবে না। ভোক্তাদের স্বার্থ সুরক্ষা ও বাজার স্থিতিশীল রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
