পটুয়াখালী সদর উপজেলার মরিচবুনিয়া ইউনিয়নে এক সংখ্যালঘু পরিবারের ওপর হামলা, নির্যাতন ও জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে।
এ ঘটনায় শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে পটুয়াখালী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী গোপাল মাঝি।
লিখিত বক্তব্যে তিনি জানান, মৌজা মরিচবুনিয়া এলাকায় তার নামে প্রায় ৪০ শতাংশ রেকর্ডীয় ও দখলীয় জমি রয়েছে। দীর্ঘদিন ধরে স্থানীয় কিছু ব্যক্তি জোরপূর্বক ওই জমি দখলের চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। জমি সংক্রান্ত বিরোধের জেরে স্থানীয় কৃষক দলের সদস্য জাকির ভূইয়া, সুমন প্যাদা, নাসির আকন, হারুন মাতবর, জাফর ভূইয়া ও নিজাম প্যাদাসহ কয়েকজন তাকে ও তার পরিবারকে বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছেন বলে দাবি করেন গোপাল মাঝি।
তিনি বলেন, থানায় অভিযোগ দেওয়ার পরও প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে তার বাড়িতে গিয়ে ভয়ভীতি দেখায়। তার সন্তানদের স্কুলে যেতেও বাধা দেওয়া হচ্ছে এবং দেশ ছেড়ে ভারতে চলে যাওয়ার হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
লিখিত বক্তব্যে আরও উল্লেখ করা হয়, গত ১৬ ফেব্রুয়ারি রাত আনুমানিক ৯টার দিকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে অভিযুক্তরা তাকে ঘেরাও করে মারধর করে এবং দেশীয় অস্ত্র দিয়ে হত্যার চেষ্টা চালায়। এ সময় তিনি ও তার ভাই গুরুতর আহত হন। বর্তমানে তারা পটুয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
অভিযোগে বলা হয়, হামলাকারীরা তার সঙ্গে থাকা নগদ ২ লাখ ২০ হাজার টাকা এবং গলায় থাকা দুটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়।
গোপাল মাঝি বলেন, “আমরা সংখ্যালঘু হওয়ায় দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে হয়রানির শিকার হচ্ছি। নিরাপত্তাহীনতায় ভুগছি। দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও দোষীদের শাস্তি চাই।
অভিযোগের বিষয়ে জাকির ভূইয়া বলেন, তার জামাই সুমন প্রায় পাঁচ বছর আগে জমি ক্রয় করেছেন এবং সেই জমিতেই বসতঘর নির্মাণ করা হয়েছে। বিষয়টি স্থানীয় সালিসের মাধ্যমে মীমাংসা হয়েছিল বলেও তিনি দাবি করেন। তবে ভারতে চলে যাওয়ার মতো কোনো হুমকি দেওয়া হয়নি বলে জানান তিনি।
এ বিষয়ে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, “মারামারির ঘটনা আমরা জানি এবং আগে একজনকে গ্রেপ্তারও করা হয়েছিল। তবে দেশ ছাড়ার হুমকির বিষয়ে আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি।” অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
