সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডে সীতারামী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেছেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ আব্দুল মালিক (এম এ মালিক)।
শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৪৫ মিনিটে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) আয়োজনে এবং “ভূ-উপরিস্থ পানি ব্যবস্থাপনা ও ব্যবহারের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি” প্রকল্পের আওতায় এ কাজের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে এম এ মালিক বলেন, নদী দখল ও ভরাটের কারণে বহু এলাকায় কৃষি ও জনজীবন ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে বাসিয়া ও গিরগিটি নদী পুনরুদ্ধারে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রায় দুই কিলোমিটার এলাকায় চলমান এ কাজ সম্পন্ন হলে প্রায় ১০ হাজার মানুষ উপকৃত হবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, স্থানীয় সরকার, ইউনিয়ন পরিষদ, প্রশাসন, কৃষি বিভাগ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বয়ে কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। পাশাপাশি গণমাধ্যম ও সাধারণ মানুষের সহযোগিতার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
সড়ক সংস্কারের বিষয়েও কথা বলেন এমপি। দীর্ঘদিন অবহেলিত সড়ক সংস্কারের আশ্বাস দিয়ে তিনি বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি নির্বাচনের পরও বাস্তবায়ন করা হচ্ছে। সম্প্রতি মঙ্গলবাজার, দরাদরপুরসহ বিভিন্ন এলাকায় উন্নয়ন কার্যক্রমে অংশ নেওয়ার কথাও উল্লেখ করেন।
তিনি জানান, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাত ১২টা ১ মিনিটে উপজেলা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচি শুরু করা হয়েছে এবং ধারাবাহিকভাবে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করা হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম অনিক চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা গৌতম পাল, দাউদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এইচ এম খলিল, সৌদি আরব বিএনপি প্রাদেশিক শাখার সভাপতি জাকারিয়া আরেফিন ফয়সলসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
