কাজাখস্তানে প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে গঠিত বাংলাদেশ-কাজাখস্তান কমিউনিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন লিয়াকত হোসেন সাগর।
সংগঠনটির সদস্যদের অংশগ্রহণে অনলাইনভিত্তিক নির্বাচনের মাধ্যমে তিনি নির্বাচিত হন। পরে দেশটির আলমাটি শহরের একটি রেস্তোরাঁয় আনুষ্ঠানিকভাবে লিয়াকত হোসেন সাগরের কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়। রোববার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় বিষয়টি নিশ্চিত করেন সংগঠনটির সভাপতি ফরহাদ ওহাব আকন।
ফরিদপুরের সদরপুর উপজেলার বাসিন্দা লিয়াকত হোসেন সাগর ২০১৭ সাল থেকে কাজাখস্তানে রেসিডেন্ট হিসেবে ব্যবসা পরিচালনা করে আসছেন।
দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ-কাজাখস্তান কমিউনিটির সভাপতি ফরহাদ ওহাব আকন, যুগ্ম সাধারণ সম্পাদক আরমান আহমেদ ও তুষার আহমেদ, সাংগঠনিক সম্পাদক তমাল খানসহ কার্যকরী সদস্য ও অন্যান্য অতিথিবৃন্দ।
কমিউনিটির সভাপতি ফরহাদ ওহাব আকন জানান, সংগঠনটির সাবেক সাধারণ সম্পাদক আরিফ হোসেন ২০২৪ সালের ২৮ এপ্রিল থেকে দায়িত্ব পালন করে আসছিলেন। অনিয়ম-দুর্নীতি ও প্রবাসীদের সঙ্গে অসদাচরণের অভিযোগে গত ১৮ ফেব্রুয়ারি তাকে বহিষ্কার করা হলে পদটি শূন্য হয়ে যায়। পরবর্তীতে সকল সদস্যের অংশগ্রহণে অনলাইন নির্বাচনের মাধ্যমে যুগ্ম সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন সাগরকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
তিনি আশা প্রকাশ করে বলেন, নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনটি প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে সঠিকভাবে কাজ করতে সক্ষম হবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
