কিশোরগঞ্জের ভৈরবে একটি পাদুকা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় অর্ধকোটি টাকার মালামাল পুড়ে গেছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে ভৈরবের শম্ভুপুর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকালে সালাম মার্কেটে অবস্থিত শরিফুল ইসলাম রনির পাদুকার সোল তৈরির কারখানায় ধোঁয়ার কুণ্ডলী দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে ভৈরব বাজার ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে। তবে আগুনের তীব্রতা বেড়ে গেলে ভৈরব নদী ফায়ার স্টেশন ও কুলিয়ারচর ফায়ার সার্ভিসের ইউনিটসহ মোট পাঁচটি ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়।
প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এর মধ্যে কারখানার অন্তত ৫০ লাখ (অর্ধকোটি) টাকার মালামাল পুড়ে যায় বলে প্রাথমিকভাবে জানা গেছে।
কারখানার মালিক শরিফুল ইসলাম রনি দাবি করেন, ঈদকে সামনে রেখে কারখানায় প্রায় দুই কোটি টাকার মালামাল মজুদ ছিল। আগুনে তার বিপুল পরিমাণ ক্ষতি হয়েছে। তিনি বলেন, “এ অবস্থায় কীভাবে ঈদ পালন করব এবং ঋণ পরিশোধ করব, তা নিয়ে দুশ্চিন্তায় আছি।
ভৈরব বাজার ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা জানান, সকালে খবর পেয়ে পাঁচটি ইউনিটের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
